বিশ^কাপের বছরে মেসিদের লিগ শুরু

আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০২৬, ১২:৫৬ এএম

মাত্র তিন মাস আগে ইন্টার মায়ামি প্রথম মেজর লিগ সকার কাপ জিতেছে। তবুও তারা কোনোভাবে থেমে নেই। দক্ষিণ ফ্লোরিডার এই দল নতুন মৌসুমে নামছে ইতিহাসের অন্যতম শক্তিশালী দল নিয়ে। এই মৌসুমটা আরও বিশেষ, কারণ এর মধ্যেই হবে ফিফা বিশ্বকাপ ২০২৬, যা যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় অনুষ্ঠিত হবে।

জুনে ৩৯ বছরে পা দিতে যাওয়া মেসি গত মৌসুমে টানা দ্বিতীয়বার মিস্টার ভ্যালু অ্যাওয়ার্ড জিতেছেন। নতুন মৌসুমের প্রথম ম্যাচে দক্ষিণ কোরিয়ার কিংবদন্তি সন ইয়ং মিনের লস অ্যাঞ্জেলেস এফসির মুখোমুখি হবেন তিনি ৭০ হাজার আসনের লস অ্যাঞ্জেলেস কোলিসিয়ামে।

মেসির নেতৃত্বে মায়ামির আক্রমণ আরও শক্তিশালী। লুইস সুয়ারেজ ও রদ্রিগো দে পাল তো আছেনই। যোগ দিচ্ছেন জার্মান বেরতেরামে, ডেইন সেন্ট ক্লেয়ার, মিকাইল সার্জিও রেগুইলন, ডেভিড আয়ালারা। মেসির আরেক সতীর্থ ইয়ানিক ব্রাইট মেসি প্রসঙ্গে বলেছেন, ‘তিনি শান্ত স্বভাবের হলেও মাঠে নামলেই একজন প্রাণবন্ত খেলোয়াড় হয়ে ওঠেন। সবকিছু জিতেও তিনি হেরে যেতে চান না, এমনকি অনুশীলনেও না।’

প্রাক-মৌসুমে প্রস্তুতির সময় মেসির পেশিতে সমস্যা দেখা দিয়েছিল, যা প্রথম ম্যাচে তার খেলার সম্ভাবনা সংশয়ে ফেলেছিল। তবে তিনি পুরোদমে অনুশীলনে ফিরেছেন এবং খেলার জন্য প্রস্তুত আছেন।

ইন্টার মায়ামির উদ্দীপনা আরও বাড়াতে পারে তাদের নতুন স্টেডিয়াম। ২৫,০০০ দর্শক আসনের ফ্রিডম পার্ক স্টেডিয়ামে ৪ এপ্রিল প্রথম ম্যাচ খেলবে তারা।

৩০ ক্লাবের এই লিগ এবার বিশ্বকাপের জন্য দুভাগে আয়োজিত হবে। বিশ্বকাপ চলাকালে জুন ও জুলাই মাসে প্রায় সাত সপ্তাহের বিরতি থাকবে। এই সময় পাঁচটি লিগের স্টেডিয়ামে বিশ্বকাপের ম্যাচ হবে, আর আরও অনেক মাঠ ব্যবহার করা হবে অনুশীলন ও দর্শক কার্যক্রমের জন্য। লিগ কর্র্তৃপক্ষ আশা করছে, এবারের বিশ্বকাপে আগের যে কোনো সময়ের তুলনায় বেশি সংখ্যক মেজর লিগ সকারের খেলোয়াড় অংশ নেবেন। লিগ কমিশনার ডন গারবার বলেন, এটি মেজর লিগ সকারের জন্য একটি ঐতিহাসিক বছর। তার ভাষায়, এই মৌসুম যুক্তরাষ্ট্রের ফুটবলের জন্য একটি বড় মোড়।

বিশ্বকাপ চলাকালেই লিগ বড় পরিসরের প্রচারণা চালানোর পরিকল্পনা করেছে। আন্তর্জাতিক আসরের দর্শকদের স্থানীয় ক্লাবগুলোর দিকে আকৃষ্ট করাই তাদের মূল লক্ষ্য। বিশ্বকাপের সেমিফাইনাল ও ফাইনালের মাঝের বিরতিতে লিগের দ্বিতীয় পর্ব শুরু হবে। এর পরপরই অনুষ্ঠিত হবে অল-স্টার ম্যাচ।

মেজর লিগ সকার আরও একটি বড় পরিবর্তনের ঘোষণা দিয়েছে। ২০২৭ সালের জুলাই থেকে লিগের সূচি বদলে গ্রীষ্ম থেকে বসন্তভিত্তিক কাঠামো চালু করা হবে। এই পরিবর্তনের মাধ্যমে লিগ নিজেদের সময়সূচিকে ইউরোপের বড় লিগ যেমন ইংলিশ প্রিমিয়ার লিগ ও লা লিগা’র সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করতে চায়। লিগের আশা, এতে করে একই সময়ে আন্তর্জাতিক দলবদল বাজারে অংশ নেওয়া সহজ হবে এবং ভবিষ্যতে আন্তর্জাতিক সূচির সঙ্গে সংঘাতও কমবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত