টি-টোয়েন্টি বিশ্বকাপে ক্রিকেট বিশ্বকে চমকে দিয়ে গ্রুপ 'বি'-এর পয়েন্ট টেবিলের শীর্ষে থেকে সুপার এইট নিশ্চিত করেছে জিম্বাবুয়ে। সাবেক চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া বিদায় দিয়ে শ্রীলঙ্কাকে পেছনে ফেলে জিম্বাবুয়ের এই অবিশ্বাস্য যাত্রাকে খাটো করে দেখছেন না দুবারের চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজের প্রধান কোচ ড্যারেন স্যামি। বরং তিনি মনে করেন, বড় দলগুলোর ভিড়ে অবমূল্যায়িত হওয়াই জিম্বাবুয়েকে ভালো খেলার বাড়তি রসদ জুগিয়েছে।
সুপার এইটে জিম্বাবুয়ের মুখোমুখি হওয়ার আগে সংবাদ সম্মেলনে ড্যারেন স্যামি বলেন, "জিম্বাবুয়ে যা করার প্রয়োজন ছিল, ঠিক তা-ই করেছে। যখন কোনো দল দেখে যে তাদের গ্রুপে বড় বড় নাম আছে এবং সবাই ধরে নেয় তারাই পরের রাউন্ডে যাবে, তখন সেটি ছোট দলগুলোর জন্য অনুপ্রেরণা হিসেবে কাজ করে। আমার বিশ্বাস, গ্রুপ 'বি'-তে অস্ট্রেলিয়া ও শ্রীলঙ্কার মতো দল থাকাটাই জিম্বাবুয়েকে তাদের সেরাটা নিংড়ে দিতে উদ্বুদ্ধ করেছে।"
এবারের বিশ্বকাপে সুপার এইটের সিডিং বা গ্রুপিং নিয়ে আগে থেকেই আলোচনা চলছে। এ প্রসঙ্গে স্যামি জানান, ভক্তদের যাতায়াত এবং আগেভাগে পরিকল্পনা করার সুবিধার কথা চিন্তা করে লজিস্টিকস ঠিক রাখা জরুরি। তবে মাঠের লড়াইয়ে এর প্রভাব নেই বলে তিনি মনে করেন। তার মতে, "বিশ্বকাপ জিততে হলে সামনে যে দলই আসুক, তাদের হারিয়েই এগোতে হবে। কাউকে হালকাভাবে নেওয়ার সুযোগ নেই।"
অনেকেই জিম্বাবুয়ের এই পর্যায়ে পৌঁছানোকে 'অপ্রত্যাশিত' বললেও স্যামি পাল্টা প্রশ্ন ছুঁড়ে দিয়ে বলেন, "কে বলেছে জিম্বাবুয়ের এখানে থাকার কথা নয়? অনেকে তো ওয়েস্ট ইন্ডিজের ব্যাপারেও একই কথা বলেছিল। বিশ্বকাপে আপনাকে প্রতিটি প্রতিপক্ষকে সম্মান করতে হবে। আমরা আগামীকাল জিম্বাবুয়েকে ঠিক সেভাবেই মোকাবিলা করব, যেভাবে ভারত বা অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলতাম।"
দুইবার বিশ্বকাপ জয়ী অধিনায়ক স্যামি প্রতিপক্ষ অধিনায়ক সিকান্দার রাজার নেতৃত্বের প্রশংসা করে বলেন, 'গত বিশ্বকাপ মিস করা জিম্বাবুয়ে এবার অত্যন্ত আত্মবিশ্বাসী ক্রিকেট খেলছে। সিকান্দার রাজা সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন এবং দলের সবাইকে উজ্জীবিত রাখছেন। আর মাঠে জিম্বাবুয়ের গুটিকয়েক সমর্থক থাকলেও তাদের গর্জন কয়েক লক্ষ মানুষের সমান মনে হয়।
নিজেদের দল নিয়ে আশাবাদী স্যামি জানান, দীর্ঘ সময় পর ওয়েস্ট ইন্ডিজের সব খেলোয়াড়কে একসাথে পাওয়া যাচ্ছে। দলের প্রতিটি সদস্য খুঁটিনাটি প্রস্তুতি এবং পরিকল্পনার দিকে বিশেষ নজর দিচ্ছেন। স্যামি বলেন, "প্রথম সংবাদ সম্মেলনেই বলেছিলাম, আমার মনে হচ্ছে আমরা বিশেষ কিছু করতে যাচ্ছি। দলের প্রতিটি খেলোয়াড় এখন বিশ্বাস করে যে তারা অসাধারণ কিছু অর্জনে সক্ষম।"
সোমবার সুপার এইটের গুরুত্বপূর্ণ ম্যাচে জিম্বাবুয়ের মুখোমুখি হবে ওয়েস্ট ইন্ডিজ। এরপর দক্ষিণ আফ্রিকা ও ভারতের মতো শক্তিশালী প্রতিপক্ষের চ্যালেঞ্জ সামলাতে হবে ক্যারিবীয়দের।
এবারো ভারতের সঙ্গে পেরে উঠলো না মেয়েরা