আইজিপি বললেন

কার্যক্রম নিষিদ্ধ দলের তৎপরতা চলবে না

আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:০০ এএম

কার্যক্রম নিষিদ্ধ রাজনৈতিক দলের কোনো ধরনের তৎপরতা চলতে দেওয়া যাবে না বলে জানিয়েছেন পুলিশ মহাপরিদর্শক (আইজি) বাহারুল আলম। তিনি বলেছেন, কেউ বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে হবে। গতকাল রবিবার বিকেলে পুলিশ সদর দপ্তরের এক ভার্চুয়াল সভায় তিনি এ কথা জানান।

সভায় চাঁদাবাজি, ছিনতাই ও মাদক প্রতিরোধে কঠোর ব্যবস্থা নিতে মাঠপর্যায়ের পুলিশ কর্মকর্তাদের নির্দেশ দেন আইজিপি। সভায় পুলিশের সব ইউনিটপ্রধান, মেট্রোপলিটন পুলিশ কমিশনার, রেঞ্জ ডিআইজি ও জেলার পুলিশ সুপাররা ভার্চুয়ালি যুক্ত ছিলেন।

আইজিপি বলেন, যেকোনো মূল্যে স্বাভাবিক আইনশৃঙ্খলা বজায় রাখতে হবে। কেউ চাঁদাবাজি, সন্ত্রাস বা মাদক-সংক্রান্ত অপরাধ করলে দলমত নির্বিশেষে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে হবে।

এ সময় মহাসড়কে ডাকাতি প্রতিরোধে হাইওয়ে পুলিশকে কঠোর ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন আইজিপি। তিনি বলেন, যেকোনো মূল্যে হাইওয়ে ডাকাতি বন্ধ করতে হবে। হাইওয়ে পুলিশের পাশাপাশি জেলা পুলিশকেও মহাসড়কে ডাকাতি প্রতিরোধে ব্যবস্থা নিতে নির্দেশ দেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত