'আমগোর লাগি ১০০ টেহা মেলা কিছু, বাড়তি পয়সায় ইফতার কিনবাম'

আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৬:১৬ পিএম

'আমগোর মতো নিম্ন মধ্যবিত্ত পরিবারের মানুষের লাগি (জন্য) গরুর মাংস খাওয়া এখন ভাগ্যের ব্যাপার। বাজারে যে দাম! প্রতি কেজি ৭০০ থেকে ৭৫০ এমনকি ৮০০ টেহা (টাকা)। নিজেরা গোস্ত খাওনের লাগি চিন্তা করি না, কিন্তু পোলাপান (ছেলে-মেয়ে) কি আর দরদাম মানে? ওরা এক টুকরা গোস্ত পাইলে খুশি অয় (হয়), ভাত কয়ডা বেশি খায়। ওদের খুশিই তো বাপ-মায়ের খুশি। কিন্তু রোজায় গরুর গোস্তের (মাংস) যে দাম, মনে করছিলাম এইবার রোজায় আর মাংস খাওন যাইতো না। হঠাৎ শুনলাম এমপি বাবু নাকি কম দামে গোস্ত দিতাছে। পরে ব্যাগ নিয়ে আইসা এক কেজি গোস্ত লইছি (নিয়েছি) ৬৫০ টেহা দিয়া। এতে বাজারের তুলনায় আমার কেজিতে ১০০ থেকে ১৫০ টেহা কম লাগছে। আমগোর লাগি ১০০ টেহা কম মানে মেলা (অনেক) কিছু। বাড়তি (বেঁচে যাওয়া) ১০০ টেহা-পয়সায় ইফতারের জন্য কিছু কিনবাম। আমগোর এমপি সাবরে আল্লাহ বাঁচিয়ে রাখুক।'

পবিত্র রমজান উপলক্ষে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে সুলভ মূল্যের হাট থেকে ১ কেজি গরুর মাংস কিনে ব্যাগ হাতে বাড়ি ফেরার পথে এভাবেই কথাগুলো বলছিলেন আমেনা খাতুন (৫২)।

রমজান উপলক্ষে ময়মনসিংহ-৮ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ইঞ্জিনিয়ার লুৎফুল্লাহেল মাজেদ বাবুর সহযোগিতায় এবং ঈশ্বরগঞ্জ উপজেলা বিএনপির আয়োজনে আজ সোমবার থেকে ঈশ্বরগঞ্জে সুলভ মূল্যে গরুর মাংস বিক্রির কার্যক্রম শুরু হয়েছে। এই কার্যক্রমের আওতায় প্রতিজন ক্রেতা এক কেজি গরুর মাংস ৬৫০ টাকায় ক্রয় করতে পারছেন ক্রেতারা।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, রমজানে দ্রব্যমূল্য জনসাধারণের ক্রয়ক্ষমতার মধ্যে রাখতে ঈশ্বরগঞ্জ উপজেলা পরিষদের চত্বরে সুলভ মূল্যে গরুর মাংস বিক্রির ভ্রাম্যমাণ হাট বসানো হয়েছে। প্রথম দিনেই ৩ লাখ ৭৩ হাজার টাকায় কেনা তিনটি ষাঁড় জবাই করে ভর্তুকি মূল্যে সাড়ে ৫ শতাধিক মানুষের মাঝে বিক্রি করা হয়েছে। সুলভ মূল্যে গরুর মাংস কিনতে অসহায় ও নিম্নআয়ের মানুষের ছিল দীর্ঘ লাইন। প্রথম দিনে প্রায় ৭০ হাজার টাকা ভর্তুকি  দিয়ে তিনিট ষাঁড় গরুর মাংস করা হয়।

ভর্তুকি  মূল্য গরুর মাংস বিক্রির উদ্বোধন করেন ময়মনসিংহ-৮ (ঈশ্বরগঞ্জ) আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার লুৎফুল্লাহেল মাজেদ বাবু। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সানজিদা রহমান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সালাউদ্দিন বিশ্বাস, ঈশ্বরগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক ও ঈশ্বরগঞ্জ পৌর বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি এ কে এম হারুন অর রশিদ প্রমুখ।

সংসদ সদস্য লুৎফুল্লাহেল মাজেদ বাবু বলেন, রাজনীতি হোক মানুষের মুখে হাসি ফোটানোর জন্য। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে আমার ঈশ্বরগঞ্জের কোনও পরিবার যেন রমজানে মাংসের স্বাদ থেকে বঞ্চিত না থাকে—এটাই আমি চাই। সেই দায়িত্ববোধ থেকেই আমি উদ্যোগ নিয়েছি। আমি আপনাদের সবাইকে সঙ্গে নিয়ে এই উদ্যোগ বড় পরিসরে এগিয়ে নিতে চাই। দলমত নির্বিশেষে আসুন, সুস্থ প্রতিযোগিতার মাধ্যমে আমরা সাধারণ মানুষের পাশে দাঁড়াই। সবাই মিলে গড়ে তুলি একটি মানবিক ও ‘ভালো ঈশ্বরগঞ্জ’। এতে অন্তত রমজানে গরিব ও মধ্যবিত্ত মানুষ কিছুটা স্বস্তিতে মাংস কিনতে পারবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত