ফরিদপুরের বোয়ালমারীতে স্বপন ঘোষ নামে এক ভুয়া ভ্যাট অফিসারকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (২৩ ফেব্রুয়ারি) বিকেল ৩টার দিকে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শিব্বির আহমেদ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাকে কারাদণ্ড দেন। এর আগেও দুই দফায় আমিনের কাছে থেকে ৮ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। এ সময় আমিন স্বপনের আইডি কার্ড দেখাতে বললে তিনি দেখাতে ব্যর্থ হন।
দণ্ডপ্রাপ্ত স্বপন ঘোষ (৫৬) কুষ্টিয়ার আমলাপাড়া এলাকার বাসিন্দা।
আদালত সূত্র জানায়, সোমবার দুপুরে বোয়ালমারী ডাকবাংলো রোডে অবস্থিত আদর্শ প্রেসে গিয়ে ফরিদপুর ভ্যাট অফিসের এআরইউ অফিসার হিসেবে পরিচয় দিয়ে আদর্শ প্রেসের মালিক আমিনের কাছে টাকা দাবি করে। পরে খবর পেয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শিব্বির আহমেদ ঘটনাস্থলে পৌঁছে খোঁজখবর নিয়ে জানতে পারেন তিনি ভুয়া ভ্যাট কর্মকর্তা হিসেবে পরিচয় দিয়ে বিভিন্ন জায়গা থেকে টাকা তোলেন। তাৎক্ষণিক ভ্রাম্যমাণ আদালত বসিয়ে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শিব্বির আহমেদ তাকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়ে জেল হাজতে পাঠান। এ সময় থানা অফিসার ইনচার্জ মো. আনোয়ার হোসেন উপস্থিত ছিলেন।
