নারায়ণগঞ্জ শহরের জলাবদ্ধতা নিরসনে এনসিসির গভীর ড্রেন নির্মাণকাজ অত্যন্ত ধীরগতিতে চলছে বলে অভিযোগ উঠেছে। শহরের প্রধান সড়কের একাধিক স্থানে নির্মাণসামগ্রী ও যন্ত্রাংশ রাখার কারণে যানজটে নগরবাসীর চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। যথাযথ নিরাপত্তা বেষ্টনী না থাকায় রয়েছে দুর্ঘটনার শঙ্কা।
জানা গেছে, ২০২৪ সালের নভেম্বর থেকে শুরু হয়েছে নারায়ণগঞ্জ শহরের জলাবদ্ধতা নিরসনে ড্রেন নির্মাণকাজ। জাইকার অর্থায়নে শহরের তিনটি প্রধান সড়কে প্রায় ৪০ কোটি টাকা ব্যয়ে প্রায় ৭ কিলোমিটার দীর্ঘ এই ড্রেন নির্মাণকাজ করছে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন। এরই মধ্যে নবাব সিরাজদ্দৌলা সড়ক ও শায়েস্তা খান সড়কে শীতলক্ষ্যা নদীর সঙ্গে সংযোগ ড্রেন নির্মাণ সম্পন্ন হয়েছে। তবে শহরের প্রধান বঙ্গবন্ধু সড়কের অন্তত একাধিক স্পটে সড়কের পাশে ইট, বালু, ভেকু ও নির্মাণসামগ্রী রাখায় বাধাগ্রস্ত হচ্ছে শহরের যান চলাচল। পাঁচ মিনিটের পথ পেরোতে সময় লাগছে আধাঘণ্টারও বেশি।
ভুক্তভোগীরা দ্রুত নির্মাণকাজ সম্পন্ন করার পাশাপাশি নির্মাণকাজে জড়িত শ্রমিক ও পথচারীদের নিরাপত্তা নিশ্চিতের দাবি জানান।
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা নূর কুতুবুল আলম বলেন, যেকোনো বড় নির্মাণকাজে জনসাধারণের কিছুটা দুর্ভোগ পোহাতে হয়। ড্রেনগুলোর নির্মাণকাজ সম্পন্ন হলে জলাবদ্ধতার দুর্ভোগ থাকবে না।