দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবীব দুলু এমপি বলেছেন, বিএনপি জনবান্ধব রাজনৈতিক দলের পাশাপাশি জনবান্ধব সরকার। সরকার জনগণের দাবি অগ্রাধিকার ভিত্তিতে স্বল্প সময়ের মধ্যে বাস্তবায়ন করবে। প্রধানমন্ত্রী রংপুরে এসে কর্মসংস্থানের লক্ষ্যে শিল্প কারখানা তৈরির কথা বলেছেন। রংপুর অঞ্চল খাদ্য উৎপাদনে ভালো ভূমিকা রাখে। এখানকার শ্রম সস্তা, আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো। তাই অন্য অঞ্চলের মতো রংপুর বিভাগেরও সমহারে উন্নয়ন হবে। গতকাল সোমবার রংপুর বিভাগের ৮ জেলার জেলা প্রশাসক, পুলিশ সুপারসহ সরকারি দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।
তিস্তা প্রসঙ্গে মন্ত্রী বলেন, তিস্তা আন্দোলনের সঙ্গে আমি জড়িত। তিস্তাপাড়ের সন্তান আমি। রংপুরের দুই কোটি মানুষের আকাক্সক্ষা তিস্তাকে ঘিরে। আমরা মাত্র সরকার গঠন করেছি। এরই মধ্যে পানিসম্পদ মন্ত্রণালয়ের দুই মন্ত্রীর সঙ্গে কথা হয়েছে।
মন্ত্রী বলেন, বিগত অন্তর্বর্তী সরকার তিস্তা নিয়ে কিছু প্রকল্প গ্রহণ করেছিল। তিস্তার বুকে আর কোনো বিক্ষিপ্ত প্রকল্প বাস্তবায়ন হবে না। আমরা সমন্বিত প্রকল্পের মাধ্যমে তিস্তা নদী শাসন, খনন, তিস্তাপাড়ের মানুষের দাবি বাস্তবায়ন করব।
