পঞ্চগড়ের দেবীগঞ্জে ঢাকাগামী একটি যাত্রীবাহী বাসের ধাক্কায় মা ও মেয়ের মৃত্যু হয়েছে। সোমবার (২৩ ফেব্রুয়ারি) রাত ৮টায় দেবীগঞ্জ সদর ইউনিয়নের নতুনবন্দর আব্দুলপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- মমতা বেগম (৩৭) ও তার মেয়ে মুনতাহা (৭)। একই ঘটনায় গুরুতর আহত হয়েছে আরেক মেয়ে মুবাশ্বিরা। মমতা পৌর সদরের পাটোয়ারী পাড়া এলাকার মো. আজাদের স্ত্রী।
প্রত্যক্ষদর্শীরা জানান, দেবীগঞ্জ থেকে যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশ্যে যাচ্ছিল নাদের পরিবহনের একটি বাস। এ সময় উপজেলার সোনাহার ইউনিয়নের বাবার বাড়ি থেকে মোটরসাইকেলে ফিরছিলেন মমতা বেগম ও তার যমজ দুই মেয়ে মুনতাহান ও মুবাশ্বিরা। মোটরসাইকেলটি চালাচ্ছিলেন মমতার ভাগ্নে মনিরুল ইসলাম। তারা নতুনবন্দর আব্দুলপুর এলাকায় পৌঁছালে ঢাকাগামী বাসটি মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মমতা বেগম ও তার এক মেয়ে গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। আহত মুবাশ্বিরা ও মোটরসাইকেল চালককে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
ঘটনার পর ঘাতক বাসটি সোনাহার বাজার এলাকায় আটক করে স্থানীয়রা পুলিশে সোপর্দ করেন।
দেবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) কে এম মনিরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘাতক বাস ও চালককে থানা হেফাজতে নেওয়া হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
যুক্তরাষ্ট্র–ইরান দ্বন্দ্বে জিম্মি ইরাকের পরবর্তী প্রধানমন্ত্রী