ভোলা-৪ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় যুবদলের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়নের উদ্যোগে দীর্ঘদিন অচলাবস্থায় থাকা চরফ্যাশন আন্তর্জাতিক বাস টার্মিনাল আবারও সচল হয়েছে। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) শহরের বিভিন্ন স্থানে গড়ে ওঠা অবৈধ বাস স্ট্যান্ড উচ্ছেদে অভিযান চালায় উপজেলা প্রশাসন। উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. লোকমান হোসেনের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে শহরের ভেতরের স্ট্যান্ডগুলো অপসারণ করা হয়। পরে বাসমালিক ও চালকরা তাদের যানবাহন নির্ধারিত চরফ্যাশন আন্তর্জাতিক বাস টার্মিনালে নিয়ে যেতে শুরু করেন। এতে টার্মিনাল এলাকায় আবারও প্রাণচাঞ্চল্য ফিরে আসে।
এর আগে সোমবার যানজট নিরসন ও আইনশৃঙ্খলা সংক্রান্ত এক সভায় শহরের যানবাহন ব্যবস্থাপনায় শৃঙ্খলা ফিরিয়ে আনার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়। ওই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য নুরুল ইসলাম নয়ন। প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারাও এতে অংশ নেন। এ সময় তারা সবাই শহরের ভেতরে অবৈধ স্ট্যান্ড সরিয়ে টার্মিনালমুখী করার ব্যাপারে একমত হন।
উল্লেখ্য, আওয়ামী লীগ সরকারের সময় প্রায় ১০ কোটি টাকা ব্যয়ে শহর থেকে প্রায় এক কিলোমিটার দূরে মুখারবান্দা বাজার এলাকায় আধুনিক সুযোগ-সুবিধাসম্পন্ন বাস টার্মিনাল নির্মাণ করা হয়। তবে জুলাইয়ের গণ-অভ্যুত্থানের পর বাস মালিক সমিতি টার্মিনালটি ব্যবহার না করে শহরের অভ্যন্তরে বিভিন্ন স্থানে অস্থায়ী স্ট্যান্ড গড়ে তোলে। ফলে ঢাকা, বরিশাল, ভোলাসহ বিভিন্ন আঞ্চলিক সড়কে চলাচলকারী বাসগুলো শহরের ভেতর থেকেই ছেড়ে যেতে শুরু করে। এতে তীব্র যানজট ও ভোগান্তির সৃষ্টি হয়।
শহরবাসীর দাবির প্রেক্ষিতে সংশ্লিষ্ট প্রশাসন মঙ্গলবার থেকে সব বাস শহরের বাইরে নির্ধারিত টার্মিনালে রাখার নির্দেশনা দেয়। একই সঙ্গে অন্যান্য যানবাহনের জন্যও শহরের বাইরে পৃথক স্ট্যান্ড নির্ধারণ করে দেওয়া হয়েছে। সংশ্লিষ্টরা আশা করছেন, এ উদ্যোগের ফলে শহরের যানজট এবং সাধারণ মানুষের ভোগান্তি কমবে।
