উপস্থাপনায় ইমরান

আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ১২:২৮ এএম

জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত সংগীতশিল্পী ইমরান মাহমুদুল গানের পাশাপাশি এবার ঈদে নতুন চমক নিয়ে আসছেন। এটিএন বাংলার ‘ইমরান-শো : বকুল ও চন্দনে, গানের বন্ধনে’ উপস্থাপনা করবেন তিনি। গানের সঙ্গে গল্প, স্মৃতি আর আড্ডার মেলবন্ধনে সাজানো হয়েছে অনুষ্ঠানটি। অনুষ্ঠানে গীতিকবি কবির বকুলের লেখা ও কণ্ঠশিল্পী চন্দন সিনহার কণ্ঠে সাতটি গান পরিবেশিত হবে। প্রেম, বেদনা ও সম্পর্কের নানা অনুভূতি ঘিরে গানগুলো সাজানো হয়েছে একটি সুনির্দিষ্ট ন্যারেটিভে, যা আসরটিকে শুধু সংগীত পরিবেশনা নয় বরং একটি আবেগময় অভিজ্ঞতায় পরিণত করেছে। চন্দন সিনহার কণ্ঠে থাকছে তিনটি নতুন গান। পাশাপাশি তার গাওয়া দ্বৈত গানে কণ্ঠ দিয়েছেন দিলশাদ নাহার কনা ও আতিয়া আনিসা। চন্দনের গাওয়া একটি গান নতুনভাবে পরিবেশন করেছেন সানিয়া সুলতানা লিজা। উপস্থাপনার পাশাপাশি ইমরান মাহমুদুল দর্শক উপস্থিতিতে গেয়েছেন চন্দনের জনপ্রিয় গান ‘আমি নিঃস্ব হয়ে যাব’, যা অনুষ্ঠানে যুক্ত করেছে বাড়তি আবেগ।

সর্বশেষ সর্বাধিক পঠিত