হাসপাতালের ৬ তলা থেকে লাফিয়ে তরুণীর মৃত্যু

আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:২৩ পিএম

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের নতুন ভবনের ৬ তলা থেকে লাফিয়ে মৌসুমী আক্তার (২০) নামে এক তরুণীর মৃত্যু হয়েছে। বুধবার (২৫ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত মৌসুমী আক্তার জেলার তারাকান্দা উপজেলার কামারিয়া গ্রামের ওয়াজেদুল ইসলামের মেয়ে। পরিবার সূত্রে জানা গেছে, তিনি দীর্ঘদিন ধরে মানসিক ভারসাম্যহীনতায় ভুগছিলেন।

হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. নজরুল ইসলাম জানান, সকালে মায়ের সঙ্গে চিকিৎসার জন্য হাসপাতালে আসেন মৌসুমী। এক পর্যায়ে তিনি নতুন ভবনের ৬ তলায় উঠে নিচে লাফ দেন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে হাসপাতালের মর্গে পাঠায়।

নিহতের ভাই ইউসুফ আলী গনমাধ্যমকে জানান, প্রায় দেড় বছর ধরে মৌসুমী মানসিক সমস্যায় ভুগছিলেন। চিকিৎসার মাধ্যমে কিছুটা সুস্থ হলেও গত পাঁচ দিন ধরে আবারও অসুস্থ হয়ে পড়েন। এ কারণে তাকে সকালে হাসপাতালে আনা হয়েছিল।

হাসপাতালের সহকারী পরিচালক মোহাম্মদ মাঈন উদ্দিন খান বলেন, প্রাথমিকভাবে জানা গেছে তিনি নিজেই লাফ দিয়ে মারা গেছেন। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নিতে পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত