বড়াইগ্রামে মহাসড়কের পাশে ময়লার ভাগাড় অপসারণ দাবি

আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:৪৩ পিএম

নাটোরের বড়াইগ্রামের মাঝগাঁও ইউনিয়ন পরিষদ এলাকায় বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের পাশে পৌরসভার ময়লার ভাগাড় অপসারণের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

আজ বুধবার বিকেলে উপজেলা ছাত্রদল ও এলাকাবাসীর উদ্যোগে ভাগাড়ের পাশে আয়োজিত ঘণ্টাব্যাপী মানববন্ধনকালে উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রাশিদুল ইসলাম, স্কুল শিক্ষক আবু তাহের সিদ্দিকী ও হুমায়ন কবীর, বড়াইগ্রাম পৌর ছাত্রদলের সদস্য জনি প্রধান ও মাঝগাঁও ইউনিয়ন ছাত্রদলের সভাপতি শিহাব উদ্দিন শিমুল বক্তব্য রাখেন।

এ সময় বক্তারা বলেন, বছরের পর বছর ধরে মাঝগাঁও ইউনিয়ন পরিষদের পূর্ব পাশে মহাসড়কের ধারে বড়াইগ্রাম ও বনপাড়াসহ পাশের গুরুদাসপুর পৌরসভার বর্জ্য ফেলা হচ্ছে। এতে পরিবেশ দূষণের পাশাপাশি প্রকট দুর্গন্ধে যানবাহনের যাত্রী-চালক ও পথচারীসহ স্থানীয় বাসিন্দারা চরম দুর্ভোগ পোহাচ্ছেন। প্রায় দিনই এসব বর্জ্যে আগুন ধরিয়ে দেওয়া হয়, এতে প্রচুর ধোঁয়ার সৃষ্টি হয়ে মহাসড়কে যান চলাচলে ঝুঁকির সৃষ্টি হয়।

তারা বলেন, পলিথিন ও প্লাস্টিক সামগ্রীসহ অপচনশীল পদার্থ ধীরে ধীরে পাশের আবাদী জমিতে গিয়ে চাষাবাদে বিঘ্ন সৃষ্টি করছে। তাই অবিলম্বে এখানে বর্জ্য ফেলা বন্ধ করাসহ এ ভাগাড় সরিয়ে নেওয়ার আহ্বান জানান তারা। অন্যথায় আগামীতে আরও বৃহত্তর কর্মসূচি দেওয়া হবে বলে জানান তারা। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত