চট্টগ্রামের ফটিকছড়িতে দায়িত্ব পালনকালে মফিজ উদ্দিন নামে এক ট্রাফিক সার্জেন্ট ইন্সপেক্টরকে (টিএসআই) মারধর করে রক্তাক্ত করার ঘটনা ঘটেছে। এ ঘটনায় স্থানীয়দের সহায়তায় হামলাকারী ডাম্প ট্রাক চালক আকবরকে আটক করেছে পুলিশ।
বুধবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলা সদরের বিবিরহাট বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নিয়মিত ডিউটির অংশ হিসেবে বিবিরহাট বাসস্ট্যান্ড এলাকায় যানবাহনের কাগজপত্র যাচাই করছিলেন ট্রাফিক সার্জেন্ট মফিজ উদ্দিন। এ সময় একটি ডাম্প ট্রাক থামিয়ে গাড়ির কাগজপত্র দেখতে চাইলে চালক আকবর ক্ষিপ্ত হয়ে ওঠেন। একপর্যায়ে তিনি অতর্কিতভাবে ট্রাফিক কর্মকর্তার ওপর হামলা চালিয়ে উপর্যুপরি আঘাত করেন। এতে সার্জেন্ট মফিজ উদ্দিন মুখমণ্ডলে আঘাতপ্রাপ্ত হয়ে রক্তাক্ত হন।
ঘটনার পরপরই উপস্থিত স্থানীয় লোকজন ও পুলিশের সদস্যরা দ্রুত এগিয়ে এসে হামলাকারী ট্রাকচালক আকবরকে আটক করেন। পরে তাকে ফটিকছড়ি থানা পুলিশের হেফাজতে নেওয়া হয়।
আহত ট্রাফিক কর্মকর্তা মফিজ উদ্দিন বলেন, ‘আমি নিয়মিত দায়িত্ব পালন করছিলাম। কাগজপত্র যাচাইয়ের জন্য ট্রাকটি থামালে চালক হঠাৎ আমার ওপর হামলা চালায়।’
এ বিষয়ে ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) রফিকুল ইসলাম জানান, ঘটনার সঙ্গে জড়িত চালককে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
