বনের জমিতে অবৈধ স্থাপনা-রাস্তা নির্মাণের তথ্য দেওয়ায় হামলা, বাবা-ছেলে আহত

আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ০৬:৫৯ পিএম

গাজীপুরের কালিয়াকৈরে বনের জমি জবর-দখল করে অবৈধ স্থাপনা ও সরকারি গাছ কেটে রাস্তা নির্মাণের অভিযোগ পাওয়া গেছে। স্থানীয় বন অফিসে এসব তথ্য দেওয়ার সন্দেহে হামলা চালিয়ে এলোপাতাড়ি পিটিয়ে বাপ-বেটাকে আহত করার অভিযোগ উঠেছে। বুধবার দুপুরে উপজেলার আমতৈল এলাকায় এ ঘটনা ঘটে।

আহতরা হলেন কালিয়াকৈর উপজেলার আমতৈল এলাকার খবুর উদ্দিনের ছেলে সফি মিয়া (৬০) ও সফি মিয়ার ছেলে রহিম মিয়া (৩৯)।

এলাকাবাসী, আহতের পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, সম্প্রতি কালিয়াকৈর উপজেলার আমতৈল এলাকার মৃত তোতা মিয়ার ছেলে শহিদুল ইসলাম তার রেকর্ডি জমির পাশে বনের জমি জবর দখলের পর ঘর নির্মাণ করে।

এছাড়াও ওই অবৈধ স্থাপনায় চলাচলের জন্য বেশকিছু সরকারি গাছ কেটে রাস্তা নির্মাণ করেন শহিদুল। তিনি পাশের স্থানীয় জাথালিয়া বিট অফিসে টাকা-পয়সা দিয়ে এসব অবৈধ কার্যক্রম করেন বলেও অভিযোগ উঠেছে। কিন্তু শহিদুল গংদের সঙ্গে দীর্ঘদিন ধরে তার প্রতিবেশী রহিম গংদের পারিবারিক বিরোধ চলে আসছিল। এ সুযোগে শহিদুলের এমন অপকর্মের বিষয়ে তার প্রতিবেশী রহিম মিয়া ওই বন অফিসের লোকজনকে জানায়। এতে ক্ষিপ্ত হন বনের জমি দখলকারী শহিদুল ইসলাম।

এর জেরে বুধবার দুপুর ১টার দিকে শহিদুল, জুমান, গিয়াস রামদা, দা, চাকু, লাঠিসোঁটা নিয়ে নামাজে যাওয়ার পথে রহিমের ওপর হামলা করে। এসময় তাকে এলোপাতাড়ি পিটিয়ে গুরুতর আহত করেন হামলাকারীরা। খবর পেয়ে তার বাবা সফি এগিয়ে গেলে হামলাকারীরা তাকেও পিটিয়ে আহত করেন। এসময় তাদের দুটি মোবাইল ভাঙচুর ও নগদ টাকা-পয়সা লুট করেন হামলাকারীরা। পরে চিৎকার শুনে আশপাশের লোকজন সেখানে গিয়ে আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করে। এ ঘটনায় আহত রহিম মিয়া বাদী হয়ে কালিয়াকৈর থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।

অভিযুক্ত শহিদুল ইসলাম জানান, আমার ঘর ও চলাচলের রাস্তাটি ছবি তুলে বিভিন্ন স্থানে তথ্য দিয়েছেন। তবে আমরা তাদের মারি নাই, উল্টো আমাদের মারধর করেছে।

টাকা-পয়সা নেওয়া বিষয়টি অস্বীকার করে স্থানীয় জাথালিয়া বন অফিসের বিট কর্মকর্তা শাহ আলম জানান, ওই জমিরি ডিমারকেশন না থাকলেও ঘরটি রেকর্ডি জমিতে পড়েছে। এছাড়া গাছ কাটার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, সরকারি গাছ কেটে রাস্তা নির্মাণের বিষয়টি জানা নেই। তবে এ ঘটনাকে কেন্দ্র করে মারামারির ঘটনা ঘটলে আইন শৃঙ্খলার অবনতি ঘটেছে।

এব্যাপারে কালিয়াকৈর থানার উপপরিদর্শক (এসআই) সাইদুর ইসলাম জানান, মারামারির ঘটনায় থানায় একটি অভিযোগ হয়েছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত