‘বহুমাত্রিক বাংলাদেশ’ প্রতিপাদ্য নিয়ে আজ বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) পর্দা উঠছে বাঙালির প্রাণের উৎসব ‘অমর একুশে বইমেলা ২০২৬’-এর। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) দুপুর ২টায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ভাষা আন্দোলনের স্মৃতি বিজড়িত এই মেলা ঘিরে লেখক, পাঠক ও প্রকাশকদের মধ্যে বিরাজ করছে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা।
এবারের বইমেলায় অংশ নিচ্ছে মোট ৫৪৯টি প্রকাশনা প্রতিষ্ঠান। এর মধ্যে বাংলা একাডেমি প্রাঙ্গণে ৮১টি এবং সোহরাওয়ার্দী উদ্যান অংশে ৪৬৮টি প্রতিষ্ঠানকে স্টল বরাদ্দ দেওয়া হয়েছে। মেলায় মোট ইউনিট সংখ্যা ১ হাজার ১৮টি। এছাড়া সোহরাওয়ার্দী উদ্যানের মুক্তমঞ্চ সংলগ্ন গাছতলায় ৮৭টি লিটল ম্যাগাজিনকে স্টল দেওয়া হয়েছে। শিশুদের জন্য থাকছে বিশেষ আয়োজন, যেখানে ৬৩টি প্রতিষ্ঠানের ১০৭টি ইউনিট নিয়ে সাজানো হয়েছে শিশুচত্বর।
মেট্রোরেল স্টেশনের অবস্থানের কারণে এবার মেলার বাহিরপথে কিছুটা পরিবর্তন আনা হয়েছে। টিএসসি, দোয়েল চত্বর, এমআরটি বেসিং প্লান্ট ও ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউশন সংলগ্ন এলাকায় মোট চারটি প্রবেশ ও বাহিরপথ থাকবে। মেলা প্রাঙ্গণে থাকছে সুবিন্যস্ত খাবারের স্টল, নামাজের স্থান ও ওয়াশরুম সুবিধা। বিশেষ করে পবিত্র রমজান মাস বিবেচনায় রেখে সোহরাওয়ার্দী উদ্যান অংশে তারাবি নামাজের সুব্যবস্থা রাখা হয়েছে।
বইমেলা উপলক্ষে বাংলা একাডেমি ও অন্যান্য প্রকাশনা সংস্থাগুলো বই বিক্রির ওপর ২৫ শতাংশ পর্যন্ত কমিশন প্রদান করবে। প্রতিদিন বিকেল ৩টা থেকে ৪টা পর্যন্ত মূল মঞ্চে থাকবে বিষয়ভিত্তিক সেমিনার এবং বিকেল ৪টা থেকে শুরু হবে সাংস্কৃতিক অনুষ্ঠান। প্রতি শুক্র ও শনিবার বেলা ১১টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত থাকবে ‘শিশুপ্রহর’, যেখানে শিশুদের জন্য চিত্রাঙ্কন, আবৃত্তি ও সংগীত প্রতিযোগিতার আয়োজন রাখা হয়েছে।
মেলার নিরাপত্তা নিশ্চিত করতে ডিএমপির পক্ষ থেকে নেওয়া হয়েছে কঠোর ব্যবস্থা। প্রায় ৩০০টি ক্লোজ সার্কিট ক্যামেরা এবং আর্চওয়ের পাশাপাশি সাদা পোশাকে বিশেষ পুলিশ ও সোয়াট টিম সার্বক্ষণিক নজরদারিতে থাকবে। আয়োজকরা জানিয়েছেন, এবারের মেলা হবে ‘জিরো ওয়েস্ট’ বা পরিবেশবান্ধব। মেলা প্রাঙ্গণ পলিথিন ও ধূমপানমুক্ত রাখার পাশাপাশি ধূলিবালি নিয়ন্ত্রণে নিয়মিত পানি ছিটানো ও মশক নিধনের ব্যবস্থা করা হয়েছে।
আজ ২৬ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এই মেলা চলবে ১৫ মার্চ পর্যন্ত। সাধারণ দিনগুলোতে মেলা বেলা ২টা থেকে রাত ৯টা পর্যন্ত খোলা থাকবে (প্রবেশ করা যাবে রাত ৮টা ৩০ মিনিট পর্যন্ত)। তবে সাপ্তাহিক ছুটির দিনগুলোতে মেলা চলবে সকাল ১১টা থেকে রাত ৯টা পর্যন্ত। উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও রমজানের কারণে এবার মেলা কিছুটা দেরিতে শুরু হলেও দর্শনার্থীদের ব্যাপক সমাগম হবে বলে আশা করা হচ্ছে।
সরকার নতুন করে তদন্ত কমিশন গঠন করবে না : স্বরাষ্ট্রমন্ত্রী
মিল্লাত গ্রুপের প্রতিষ্ঠাতা আবদুল্লাহ ওয়াজেদ আর নেই