ঘুষের টাকাসহ সোনাগাজীর প্রকল্প কর্মকর্তা আটক

আপডেট : ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:৩৭ পিএম

ফেনীর সোনাগাজী উপজেলার প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মোহাম্মদ আল সাঈদ এবং অফিস সহায়ক আবু নাছেরকে ঘুষের টাকাসহ হাতেনাতে আটক করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বৃহস্পতিবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত উপজেলার পিআইও অফিসে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটক করার সময় তাদের কাছ থেকে এক হাজার টাকার নোটের নতুন বান্ডেলে এক লাখ টাকা উদ্ধার করা হয়।

দুদকের ফেনী-নোয়াখালীর জোনের উপ-পরিচালক ফারুক আহাম্মদের নেতৃত্ত্বে ৮ সদস্যের একটি টিম এই অভিযান পরিচালনা করে।

দুদক কর্মকর্তারা জানান, হুমায়ুন নামে এক ঠিকাদারের নিকট ১২ লাখ টাকা ঘুষ দাবির অভিযোগের প্রেক্ষিতে এ অভিযান পরিচালিত হয়।

এ ঘটনায় দুদকের উপ সহকারী পরিচালক চিন্ময় চক্রবর্তী বাদি হয়ে মামলা দায়ের করছেন।

অভিযোগকারী ঠিকাদার হুমায়ুন কবির বলেন, সরকারি কাজ করার পর বিল উত্তোলন করতে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আল সাইদকে ৫ লাখ টাকা ঘুষ প্রদানে বাধ্য হয়েছি। ফের ১ লাখ টাকা ঘুষ চাইলে বাধ্য হয়ে দুদকের কাছে অভিযোগ করি।

অভিযোগ রয়েছে দীর্ঘদিন উপজেলা অফিসে কর্মরত প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সরকারি প্রকল্প বাস্তবায়নের নামে পার্সেন্টেজ হারে ঘুষ আদায় করতেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা রিগ্যান চাকমার সহযোগীতায় ঘুষ আদায়ে বেপরোয়া ছিলেন গ্রেপ্তারকৃত এই কর্মকর্তা। শেখ হাসিনা সরকারের পতনের পর অস্বাভাবিক রাজনৈতিক পরিস্থিতিতে সরকারি প্রকল্প বাস্তবায়নে কোটি কোটি টাকা ঘুষ গ্রহণ করেছেন। এছাড়াও ভুয়া প্রকল্প দেখিয়ে অর্থ লোপাটের অভিযোগ রয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত