পিরোজপুরের ইন্দুরকানীতে রনজিত দাস নামে এক ব্যক্তির বসতঘরে গভীর রাতে অগ্নিসংযোগ, লুটপাট ও হামলার অভিযোগ উঠেছে। বুধবার রাত সাড়ে ৩টার দিকে উপজেলার পাড়েরহাট ইউনিয়নের উত্তর বাড়ইখালী গ্রামে এ ঘটনা ঘটে। এতে রনজিত দাস গুরুতর আহত হয়েছেন। বিষয়টি বৃহস্পতিবার দুপুরে নিশ্চিত করেছেন ইন্দুরকানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামীম হাওলাদার।
স্থানীয় সূত্রে জানা গেছে, গভীর রাতে একদল দুর্বৃত্ত রনজিত দাসের ঘরে হামলা চালায়। অভিযোগ রয়েছে, তারা ঘরে ঢুকে আসবাবপত্র ভাঙচুর ও মূল্যবান সামগ্রী লুটপাট করে। বাধা দিতে গেলে রনজিত দাসকে এলোপাতাড়ি মারধর করা হয় এবং ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করা হয়।
পরে দুর্বৃত্তরা ঘরে আগুন ধরিয়ে দ্রুত এলাকা ত্যাগ করেন।
প্রতিবেশীরা জানান, হঠাৎ ‘আগুন আগুন’ চিৎকার শুনে আশপাশের লোকজন ছুটে এসে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন। স্থানীয়দের সহায়তায় আগুন কিছুক্ষণের মধ্যে নিয়ন্ত্রণে আসে। তবে এরই মধ্যে ঘরের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। আহত রনজিত দাসকে উদ্ধার করে পিরোজপুর জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন বলে জানা গেছে।
ইন্দুরকানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শামীম হাওলাদার জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনাটি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে এবং জড়িতদের চিহ্নিত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
