বিএনপি বিচার প্রক্রিয়ায় হস্তক্ষেপ করছে বলে অভিযোগ এনেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। তিনি বলেন, বিএনপি বিনা কারণ ও বিনা অভিযোগে ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরকে সরিয়ে দিল। বিচারে তাদের নানা ধরনের হস্তক্ষেপের কথা আমরা শুনতে পাচ্ছি। যারা ভিকটিম ও সাক্ষী ছিলেন, তাদের নানা ধরনের হুমকি দেওয়া হচ্ছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে রাজধানীর
কৃষিবিদ ইনস্টিটিউশনে জাতীয় ছাত্রশক্তির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, এই সরকারের আমলে সুষ্ঠুভাবে বিচার প্রক্রিয়া সম্পন্ন হবে কি না তা নিয়ে জনগণের মনে সন্দেহ রয়েছে। এ সময় তিনি ট্রাইব্যুনালে হস্তক্ষেপ না করতে সরকারের প্রতি আহ্বান জানান।
নাহিদ ইসলাম বলেন, আমরা গণঅভ্যুত্থান করেছিলাম যেন বারবার বাংলাদেশকে স্বৈরাচারের কবলে পড়ে রাজপথে জীবন দিতে না হয়। বাংলাদেশ যখন সংকটে পড়েছে, তখনই ছাত্ররা এগিয়ে এসেছে। কিন্তু ছাত্রদের সঙ্গে বারবার প্রতারণা হয়েছে। নব্বইয়ের গণঅভ্যুত্থানের পর রাজনৈতিক দলগুলো ছাত্রদের সঙ্গে প্রতারণা করেছে। চব্বিশের গণঅভ্যুত্থানের পরও একই চিত্র আমরা দেখতে পেয়েছি। সংস্কার ও বিচারের যে দাবিগুলো আমাদের ছিল, সেগুলোকে তোয়াক্কা না করে সরকারি দল জনগণের বিরুদ্ধে অবস্থান নেওয়ার চেষ্টা করছে। সংস্কার পরিষদে বিএনপির শপথ না নেওয়ার সমালোচনা করে তিনি বলেন, এর মাধ্যমে বিএনপি গণরায়ের বিপক্ষে অবস্থান নিয়েছে। আজকের সরকারি দল আওয়ামী লীগের পথেই হাঁটছে।
বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে সরিয়ে দেওয়ার বিষয়ে তিনি বলেন, বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে নির্লজ্জভাবে মব তৈরি করে অগণতান্ত্রিকভাবে সরিয়ে দিয়ে একজন ঋণখেলাপি ব্যবসায়ীকে গভর্নর করা হয়েছে। সাবেক গভর্নর চেষ্টা করছিলেন পাচার হওয়া টাকা ফিরিয়ে এনে লুটপাটের সঙ্গে জড়িতদের বিচারের আওতায় আনার। কিন্তু আমরা দেখছি যে, সেই বিচার প্রক্রিয়া ভ-ুল করতে, ঋণখেলাপিদের আরও সুযোগ-সুবিধা করে দিতে এবং আর্থিক লুটপাটের পথকে প্রশস্ত করতে বাংলাদেশ ব্যাংক দখলের নির্লজ্জ চেষ্টা করল সরকারি দল।
তিনি বলেন, শোনা যাচ্ছে যে, জুলাই গণঅভ্যুত্থানে পুলিশ হত্যার তদন্ত করা হবে। এই বিচার যদি নিশ্চিত করতে হয়, তাহলে গণঅভ্যুত্থানে নিহত ও আহতদের বিচার আগে নিশ্চিত করতে হবে। এই অপরাধে পুরো পুলিশ বাহিনী দায়ী ছিল। তবে আমরা পুরো বাহিনীকে কাঠগড়ায় দাঁড় করাইনি। আমরা কেবল অভিযুক্তদের বিচারের আওতায় আনতে বলেছি। পুরো পুলিশ বাহিনীকে সংস্কার করে মানুষের বন্ধু হিসেবে গড়ে তুলতে হবে।
ছাত্রশক্তির সভাপতি জাহিদ আহসানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আবু বাকের মজুমদারের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন এনসিপির সদস্য সচিব আখতার হোসেন, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার, যুগ্ম সদস্য সচিব আবদুল্লাহ আল আমিন প্রমুখ।
