রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) আবাসিক হলগুলোতে পবিত্র রমজান মাস উপলক্ষে শিক্ষার্থীদের সেহেরির খাবারের মান ও পরিবেশ নিশ্চিত করতে বিশেষ পরিদর্শন করেছেন বিশ্ববিদ্যালয় প্রশাসন।
বৃহস্পতিবার রাতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন আবাসিক হলের ডাইনিং ও ক্যান্টিন সরেজমিনে পরিদর্শন করেন ছাত্র পরামর্শ ও নির্দেশনা পরিচালক অধ্যাপক ড. মো. আশাবুল হক এবং বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. আরফান আলী।
পরিদর্শনকালে প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা শিক্ষার্থীদের সঙ্গে সরাসরি কথা বলেন এবং খাবারের গুণগত মান, পুষ্টিমান ও পরিবেশন প্রক্রিয়া পর্যবেক্ষণ করেন। এ সময় তারা ডাইনিংয়ে পরিবেশন করা তরকারি, ডাল ও ভাতের মান যাচাই করেন এবং রান্নার কাজে নিয়োজিত কর্মীদের পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখার কঠোর নির্দেশনা দেন।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়টির ছাত্র পরামর্শক অধ্যাপক ড. আশাবুল হক দেশ রূপান্তরকে বলেন, পবিত্র রমজান মাসে আবাসিক শিক্ষার্থীরা যাতে স্বাস্থ্যকর ও উন্নত মানের খাবার খেয়ে রোজা পালন করতে পারেন, সেটি নিশ্চিত করাই এই পরিদর্শনের মূল লক্ষ্য। খাবারের মান নিয়ে কোনও ধরনের অনিয়ম বা অবহেলা পাওয়া গেলে সংশ্লিষ্ট হলের ডাইনিং বা ক্যান্টিন কর্তৃপক্ষের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও জানানো হয়।
