বাংলাদেশে আসতে চান শাহবাজ শরিফ

আপডেট : ২৮ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:২৮ এএম

পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ দ্বিপক্ষীয় সফরে ঢাকা আসতে চান। বাংলাদেশের নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমানকে শুভেচ্ছা জানাতে তিনি এ সফরের অপেক্ষায় রয়েছেন। পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানকে পাকিস্তানের প্রধানমন্ত্রীর এমন আগ্রহের কথা জানিয়েছেন দেশটির উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী  মোহাম্মদ ইসহাক দার।

সৌদি আরবের বন্দরনগরী জেদ্দায় ফিলিস্তিন বিষয়ে ওআইসির নির্বাহী কমিটির এক বৈঠকের ফাঁকে দুই পররাষ্ট্রমন্ত্রীর মধ্যে এ কথা হয়। ইসহাক দার আশা প্রকাশ করেন, বাংলাদেশে নতুন সরকারের অধীনে দ্বিপক্ষীয় সম্পর্ক আরও সুদৃঢ় হবে।  

ওআইসি বৈঠকের ফাঁকে আরও কয়েকটি দেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন খলিলুর রহমান। এসব বৈঠকে ফিলিস্তিন ইস্যুতে বাংলাদেশের দৃঢ় অবস্থান পুনর্ব্যক্ত করার পাশাপাশি কূটনৈতিক তৎপরতা বাড়ানোর ওপর জোর দেওয়া হয়। সৌদি আরবের উপ-পররাষ্ট্রমন্ত্রী ওয়ালিদ এ আলখারিজি, তুরস্কের উপ-পররাষ্ট্রমন্ত্রী মুসা কুলাকলিকায়া, ফিলিস্তিনের পররারাষ্ট্রমন্ত্রী ভারসেন আগাবেকিয়ান এবং গাম্বিয়ার পররাষ্ট্রমন্ত্রী সেরিং মোদু এনজির সঙ্গে আলাদা বৈঠক করেন খলিলুর রহমান। 

বিভিন্ন দেশের পররাষ্ট্রমন্ত্রীরা আশা প্রকাশ করেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশে রাজনৈতিক স্থিতিশীলতা আসবে এবং উন্নয়নের গতি ত্বরান্বিত হবে। তারা বাংলাদেশের সঙ্গে বিভিন্ন খাতে নিজ নিজ দেশের সহযোগিতা বাড়ানোর বিষয়ে একমত হন।

 সৌদি উপ-পররাষ্ট্রমন্ত্রী আশা প্রকাশ করেন, প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমান শিগগিরই সৌদি আরব সফর করবেন। তিনি বলেন, সৌদি আরবের ‘ভিশন ২০৩০’ বাংলাদেশের জন্য বড় ধরনের সুযোগ তৈরি করেছে। এসব সম্ভাবনা বাস্তবায়নে একসঙ্গে কাজ করার বিষয়েও তারা একমত হন।

খলিলুর রহমান বাংলাদেশে সৌদি বিনিয়োগের উজ্জ্বল সম্ভাবনার কথা তুলে ধরেন।

ফিলিস্তিনের পররাষ্ট্রমন্ত্রী আশ্বাস দেন যে, জাতিসংঘের সাধারণ পরিষদেও (ইউএনজিএ) সভাপতির পদে বাংলাদেশের প্রার্থিতাকে আরব-ইসলামিক দেশগুলোর ব্লক সমর্থন করবে। ফিলিস্তিন ইতিমধ্যে এ পদে প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে গেছে।

গাম্বিয়ার পররাষ্ট্রমন্ত্রী সেরিং মোদু এনজি ইউএনজিএ সভাপতি পদে বাংলাদেশের প্রার্থিতার পক্ষে আফ্রিকার দেশগুলোর সমর্থনের আশ্বাস দেন।

প্রধানমন্ত্রী তারেক রহমানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির বৈঠকগুলোয় উপস্থিত ছিলেন।

সর্বশেষ সর্বাধিক পঠিত