পররাষ্ট্র প্রতিমন্ত্রী বললেন

বাংলাদেশিদের জন্য শিগগিরই চালু হবে ভারতীয় ভিসা

আপডেট : ২৮ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:৩৪ এএম

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেছেন, ‘বাংলাদেশের নাগরিকদের জন্য ভারতীয় ভিসা শিগগিরই চালু করা হবে। এরই মধ্যে ভারতীয় হাইকমিশনারের সঙ্গে বৈঠক হয়েছে। ভিসা চালুর বিষয়ে তারা ইতিবাচক। দ্রুত যাতে ভিসা প্রক্রিয়া স্বাভাবিক হয়ে যায় এবং বাংলাদেশের নাগরিকরা যাতে ভারতে যেতে পারেন, সে বিষয়ে কাজ করছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

গতকাল শুক্রবার বিকেলে ফরিদপুরের সালথা উপজেলার আটঘর ইউনিয়নের খোয়াড় গ্রামে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের মাঝে অনুদান বিতরণ শেষে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে তিনি এসব কথা বলেন।

শামা ওবায়েদ বলেন, ‘ভারতের হাইকমিশনার আসছেন। ওনারা ইতিবাচক যেন ভিসা কার্যক্রম স্বাভাবিক হয়ে যায়। আমাদের বাংলাদেশের নাগরিকরা যাতে ওখানে যেতে পারেন, সেই ব্যবস্থা উনারা করছেন। সেটা নিয়ে আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ও কাজ করছে।’

তিনি বলেন, ‘নির্বাচন-পরবর্তী সময় উপজেলার প্রতিটি ইউনিয়নে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে হবে। আইনশৃঙ্খলা বজায় রাখতে হবে। শান্তিপূর্ণ অবস্থা বজায় রাখতে হবে। দল-পক্ষের নামে মারামারি-কোন্দল এগুলো বন্ধ করতে হবে।’

পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ‘মারামারি করে হাসপাতালে যাওয়া লাগে। মামলা হয়, হামলা হয়। এগুলো করে আসলে আমাদের কোনো লাভ হয় না। কীভাবে উন্নয়ন করা যায়, আমাদের ভাইবোনদের ভবিষ্যতের জন্য কীভাবে কাজ করা যায়, শিক্ষার ব্যবস্থা কীভাবে উন্নতি করা যায়, রাস্তাঘাট কীভাবে ঠিক করা যায় সেদিকে আমাদের কাজ করতে হবে। এজন্য আপনাদের সবার সহযোগিতা লাগবে।’

তিনি আরও বলেন, ‘আজকে আমি এখানে এমপি-মন্ত্রী হিসেবে আসিনি, আপনাদের সন্তান হিসেবে, সবসময় আপনাদের মেয়েসন্তান হিসেবে কথা বলি। আমৃত্যু পর্যন্ত আপনাদের মেয়েসন্তান হিসেবে পাশে থাকতে চাই। আর কোনো পরিচয় আমার দরকার নেই। আমাদের যারা ভোট দিয়েছেন এবং আমাদের যারা ভোট দেননি; আমি সবার এমপি, আমি কিন্তু বিএনপির এমপি না।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত