স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, স্থানীয় সরকার নির্বাচন যথাসময়ে হবে। আমরা আগেই বলেছি গণতন্ত্রের নিয়ম অনুযায়ীই নির্বাচন হবে। তিনি গতকাল শুক্রবার পৌর শহরের হাজীপাড়া হাফেজিয়া মাদ্রাসার নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন উদ্বোধন শেষে সাংবাদিকদের এ কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, আমরা গত ১৭ ফেব্রুয়ারি দায়িত্ব নিয়েছি। দেশের সার্বিক আইনশৃঙ্খলা ভালো আছে। জুলাই-আগস্টের পুলিশ হত্যার বিচারের কথা উল্লেখ করে এনসিপি নেতাদের বক্তব্যের বিষয়ে প্রশ্ন করলে তিনি বলেন, এ ব্যাপারে স্বরাষ্ট্রমন্ত্রী যেটা বলেছেন সেটাই সঠিক। আমার পক্ষ থেকে নতুন কিছু বলার নেই। এনসিপি নেতারা বলেছেন যে, এটি মীমাংসিত বিষয় তাহলে সরকার কেন বাড়াবাড়ি করছে এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন এটা তাদের বিষয়।
মির্জা ফখরুল ঠাকুরগাঁওবাসীর উদ্দেশ্যে বলেন, আল্লাহর কাছে লাখো শুকরিয়া, মাদ্রাসার নতুন ভবনের উদ্বোধনে আমরা শরিক হতে পেরেছি। ঠাকুরগাঁওয়ের জনগণের কাছে আমি ব্যক্তিগতভাবে ঋণী। বরাবরই তারা আমাকে সমর্থন দিয়েছেন, আমার পাশে থেকেছেন। তাদের এ সমর্থনের কারণে আজ বিজয় লাভ করতে পেরেছি। ঠাকুরগাঁওবাসীর জন্য কাজ করার সুযোগ পাচ্ছি। সবাইকে অনুরোধ করব সবাই মিলে যাতে করে সুন্দরভাবে কাজ করতে পারি।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. নাজমুল হক সুমন, পুলিশ সুপার মো. বেলাল হোসেন, জেলা বিএনপির সভাপতি ও সাবেক পৌর মেয়র মির্জা ফয়সল আমীন, সাধারণ সম্পাদক মো. পয়গাম আলী, পৌর বিএনপির সভাপতি মো. শরিফুল ইসলাম শরিফ, সাধারণ সম্পাদক মাহাবুব হোসেন তুহিনসহ জেলা বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনের বিভিন্ন নেতাকর্মী, সমর্থক ও অত্র মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থীরা।
