হোয়াইট হাউসে ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করবে মেসি বাহিনী

আপডেট : ২৮ ফেব্রুয়ারি ২০২৬, ০২:৪০ পিএম

কিছুদিন আগেই ক্রিশ্চিয়ানো রোনালদোকে হোয়াইট হাউসে আমন্ত্রণ জানিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার জানা গেল, এমএলএস কাপ জয়ের উদযাপন করতে হোয়াইট হাউসে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করতে যাচ্ছে লিওনেল মেসির নেতৃত্বাধীন ইন্টার মায়ামি।

সূত্রের বরাত দিয়ে ‘ইয়াহু স্পোর্টস’ জানিয়েছে, আগামী মার্চের ৭ তারিখে ডি.সি. ইউনাইটেডের সঙ্গে ম্যাচের দুই দিন আগে এই সাক্ষাতপর্বের আয়োজন করা আহতে পারে। মেসি উপস্থিত থাকলে এটাই হবে হোয়াইট হাউসে তার প্রথম আগমন।

এর আগে ২০১১ সালে এলএ গ্যালাক্সি জয়ের পর হোয়াইট হাউসে গিয়েছিলেন ইন্টার মায়ামির বর্তমান সহ-মালিক ইংলিশ কিংবদন্তি ডেভিড বেকহ্যাম। এরপর ২০২৫ সালের জানুয়ারিতে মেসিকে 'প্রেসিডেন্টিয়াল মেডেল অফ ফ্রিডম' দেওয়ার জন্য আমন্ত্রণ জানানো হয়েছিল। কিন্তু ব্যস্ত সময়সূচির কারণে তিনি অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারেননি।

উল্লেখ্য, ইন্টার মায়ামি ডিসেম্বরে ভ্যানকুভার হোয়াইটক্যাপসকে ৩-১ গোলে হারিয়ে নিজেদের ইতিহাসে প্রথমবারের মতো এমএলএস কাপ জিতেছে। এবার মেসি উপস্থিত থাকলে তিনি সাম্প্রতিক মাসে ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করা দ্বিতীয় ফুটবল তারকা হবেন। এই সাক্ষাৎপর্বের জন্য নিশ্চয়ই দিন গুনতে শুরু করেছেন মেসিভক্তরা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত