ইরানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলেন ট্রাম্প

আপডেট : ২৮ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:৫৫ পিএম

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিশ্চিত করেছেন যে ইরানে একটি 'বড় সামরিক অভিযান' শুরু করেছে যুক্তরাষ্ট্র। শনিবার (২৮ ফেব্রুয়ারি) ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েল যৌথ হামলার পরে এক ভিডিও বার্তায় তিনি ইরানের জনগণকে উদ্দেশ করে বলেন, 'আমরা শেষ করলে আপনারা আপনাদের সরকার নিজেদের হাতে তুলে নিন।'

ট্রাম্প বলেন, এই অভিযানের লক্ষ্য হলো  ইরানি শাসনের আসন্ন হুমকি নির্মূল করে আমেরিকান জনগণকে রক্ষা করা। তিনি জোর দিয়ে বলেন, ইরান কখনও পারমাণবিক অস্ত্র অর্জন করতে পারবে না। একই সঙ্গে ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচি ধ্বংস ও নৌবাহিনী সম্পূর্ণভাবে নিশ্চিহ্ন করার ঘোষণা দেন তিনি। ইতোমধ্যে হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লাহ খামেনেই এর বাসভবন ও গোয়েন্দা সংস্থার কার্যালয় ধ্বংস হয়েছে। 

ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)-এর সদস্যদের উদ্দেশে ট্রাম্প অস্ত্র সমর্পণের আহ্বান জানিয়ে বলেন, তা না হলে নিশ্চিত মৃত্যুর মুখোমুখি হতে হবে। 

মার্কিন প্রতিরক্ষা দপ্তর জানায়, ইসরায়েলের সঙ্গে সমন্বয় করে পরিচালিত এই অভিযানের নাম দেওয়া হয়েছে ‘অপারেশন এপিক ফিউরি’। যুক্তরাষ্ট্রের এক কর্মকর্তা জানান, আকাশ ও সমুদ্রপথে হামলা চালানো হচ্ছে এবং দিনভর তা অব্যাহত থাকতে পারে।

ইরানি গণমাধ্যম জানিয়েছে, তেহরানের কেন্দ্রীয় অংশসহ আইআরজিসির গোয়েন্দা দপ্তর লক্ষ্য করে হামলা হয়েছে। পরিস্থিতির প্রেক্ষিতে ইরান তাদের আকাশসীমা বন্ধ ঘোষণা করেছে। রয়টার্সের খবরে বলা হয়, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত