দিনাজপুরের নবাবগঞ্জে চাঞ্চল্যকর শিশু হত্যাকাণ্ডে চাচাত ভাই আটক

আপডেট : ২৮ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:২৯ পিএম

দিনাজপুরের নবাবগঞ্জে চাঞ্চল্যকর এক হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। উপজেলার কুশদহ ইউনিয়নের আমরুলবাড়ী ডাঙাপাড়া গ্রামের শিশু সিরাজুল আল সামসকে (৭) হত্যা করেছে তারই আপন চাচাতো ভাই আমানুল ইসলাম আমান (২১)।

দিনাজপুর জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) আনোয়ার হোসেন বলেন হত্যাকারী আমানুল ইসলাম আমানকে গ্রেপ্তার করে আইনি প্রক্রিয়া অব্যাহত রয়েছে।

পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত আমানের জবানবন্দি অনুযায়ী চাচীর প্রতি দীর্ঘদিনের ক্ষোভ এবং চাচার সম্পত্তির লোভ থেকেই তিনি এই হত্যাকাণ্ড ঘটিয়েছেন। আমানের দাবি অনুযায়ী তার চাচি তাকে অবহেলা করতেন, অপরদিকে চাচাতো ভাই সামস ও তার পরিবার ভালোভাবে জীবনযাপন করছিল এ থেকেই তার মধ্যে হিংসা ও বিদ্বেষ তৈরি হয়।

ঘটনার দিন শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) রাত আনুমানিক ৮টার দিকে আমান একটি পাঞ্জাবি সেলাইয়ের কথা বলে তার চাচির বাড়িতে যায়। সেখান থেকে কৌশলে সামসকে বাইরে ডেকে নিয়ে আসে। পরে বাড়ির পাশের একটি মাদরাসার কক্ষে নিয়ে গিয়ে শ্বাসরোধ করে এবং ধারালো অস্ত্র দিয়ে শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে তাকে হত্যা করে।

নিশ্চিত হওয়ার পর পাশের একটি ভুট্টাক্ষেতে মরদেহ ফেলে রেখে আসেন তিনি।

পরবর্তীতে সামসের মা ছেলেকে খুঁজতে গিয়ে আমানের কাছে জানতে চাইলে তিনি বিভ্রান্তিকর তথ্য দেন। পরে স্থানীয়দের সহায়তায় খোঁজাখুঁজির এক পর্যায়ে ভুট্টাক্ষেত থেকে সামসের ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করা হয়।

উদ্ধারের পর তাকে দ্রুত ফুলবাড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত