পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উন্নয়নের লক্ষ্যে সমন্বিত সম্ভাব্যতা সমীক্ষা, মাস্টারপ্ল্যান প্রণয়ন এবং সংশ্লিষ্ট অন্যান্য কাজ সম্পাদনের জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ও নির্বাচিত পরামর্শক প্রতিষ্ঠানের মধ্যে চুক্তিপত্র স্বাক্ষরিত হয়েছে। গতকাল শনিবার ঢাকার মীরপুরের কাজীপাড়ায় বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী কার্যালয়ে এই চুক্তি স্বাক্ষর হয়। গুণগত মান ও ব্যয়ভিত্তিক নির্বাচন পদ্ধতির মাধ্যমে সার্ম অ্যাসোসিয়েটস, ট্রায়াঙ্গেল কনসালট্যান্টস, সিন্থেসিস আর্কিটেক্টস এবং সিইজিআইএসের সমন্বয়ে গঠিত যৌথ উদ্যোগ প্রতিষ্ঠানটি চূড়ান্তভাবে নির্বাচিত হয়।
বিশ্ববিদ্যালয়ের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন প্রকল্প পরিচালক মুহাম্মদ মাহবুবুস সোবহান। পরামর্শক যৌথ উদ্যোগের পক্ষে স্বাক্ষর করেন প্রকৌশলী মিয়া মোহাম্মদ কাইউম (সার্ম অ্যাসোসিয়েটস), স্থপতি শাকুর মজিদ (ট্রায়াঙ্গেল কনসালট্যান্টস), স্থপতি প্যাট্রিক ডি. রোজারিও (সিন্থেসিস আর্কিটেক্টস) এবং সিইজিআইএস-এর প্রতিনিধি।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. শহীদুল ইসলাম, উপপরিচালক (অর্থ ও হিসাব) মো. আরাফাত হোসেন এবং সার্ম অ্যাসোসিয়েটস-এর নির্বাহী পরিচালক প্রকৌশলী আখতারুজ্জামানসহ অন্যান্য সংশ্লিষ্ট কর্মকর্তা।
