স্থানীয় সরকারমন্ত্রী বললেন

দুর্নীতিকে প্রশ্রয় দিইনি দেবও না

আপডেট : ০১ মার্চ ২০২৬, ০৭:৪৫ এএম

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, যার যেটা কাজ সে সেটা করবে। যারা দুর্নীতি করবে তাদের দেখার জন্য দুদক আছে। আমরা কখনো দুর্নীতিকে প্রশ্রয় দিইনি দেবও না। গতকাল শনিবার বিকেলে ঠাকুরগাঁও জেলা প্রশাসক সম্মেলন কক্ষে সরকারি সব দপ্তরের অফিস প্রধানদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

মন্ত্রী বলেন, ঠাকুরগাঁওয়ে মেডিকেল কলেজ স্থাপনের লক্ষ্যে ইতিমধ্যে মন্ত্রণালয় থেকে টিম এসেছে। আমরা আশা করছি ২০২৭ সালের মধ্যেই ঠাকুরগাঁও মেডিকেল কলেজে শিক্ষার্থী ভর্তি প্রক্রিয়া শুরু হবে। ইতিমধ্যে অবহিত হয়েছি ঠাকুরগাঁওয়ে কী কী উন্নয়নমূলক কাজ চলছে এবং সামনে হবে। আমরা আজকে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেছি। তবে মাদক নিয়ন্ত্রণের বিষয়ে সবচেয়ে বেশি জোর দেওয়া হয়েছে।

সাবেক উপদেষ্টাদের দুর্নীতির বিষয়ে এক প্রশ্নের জবাবে এলজিআরডিমন্ত্রী বলেন, ব্যক্তিগতভাবে আমরা মনে করি, এ বিষয়গুলোতে সময় নষ্ট না করে সময় দেওয়া উচিত ভবিষ্যতের জন্য। আমরা কীভাবে দেশকে সত্যিকার অর্থে সমৃদ্ধ করতে পারব, গণতন্ত্র প্রতিষ্ঠা করতে পারব, সেই বিষয়ে নজর দেওয়া উচিত।

সর্বশেষ সর্বাধিক পঠিত