ইয়ামালের প্রথম হ্যাটট্রিকে বার্সেলোনার দুর্দান্ত জয়

আপডেট : ০১ মার্চ ২০২৬, ০৯:৫৪ এএম

স্পটিফাই ক্যাম্প ন্যুতে উৎসবের রাত। ৪৪ হাজার ২৫৬জন দর্শকের সামনে ১৮ বছর বয়সী উইঙ্গার লামিনে ইয়ামালের প্রথম ক্যারিয়ার হ্যাটট্রিকে বার্সেলোনা ৪-১ গোলে হারিয়েছে ভিয়ারিয়ালকে। একই সঙ্গে কোচ হানসি ফ্লিকের দায়িত্বে ১০০তম ম্যাচটি স্মরণীয় করে রাখল কাতালানরা।

শনিবার রাতে অনুষ্ঠিত ম্যাচের শুরুতে কিছুটা সময় নেয় বার্সেলোনা। ২৮ মিনিটে ফার্মিন লোপেস মাঝমাঠে বল কাড়ার পর পাস দেন ইয়ামালকে। বাঁ পায়ের নিখুঁত শটে গোলরক্ষক লুইজ জুনিয়রকে পরাস্ত করে দলকে এগিয়ে দেন তরুণ এই তারকা।

৩৭ মিনিটে আরও চোখধাঁধানো গোল। টাচলাইন ঘেঁষে বল পেয়ে ভেতরে ঢুকে সের্হি কারদোনা ও আলবের্তো মোলেইরোকে কাটিয়ে ১৪ গজ দূর থেকে কার্লিং শটে জাল কাঁপান ইয়ামাল। প্রথমার্ধেই ২-০।

বিরতির পর ৪৯ মিনিটে পাপে গেয়ে গোল করে ব্যবধান কমান। এক কর্নার থেকে বল পেয়ে নিখুঁত ফিনিশে গোলটি করেন তিনি। তবে ৬৯ মিনিটে বদলি পেদ্রির পাস থেকে তৃতীয় গোল করে হ্যাটট্রিক পূর্ণ করেন ইয়ামাল। লা লিগায় এটি তাঁর প্রথম হ্যাটট্রিক।

যোগ করা সময়ে জুল কুন্দের ক্রস থেকে সহজ ট্যাপ-ইনে চতুর্থ গোলটি করেন রবার্ট লেভানডোভস্কি। অফসাইডের পতাকা উঠলেও ভিএআরের সিদ্ধান্তে গোলটি বহাল থাকে।

এই জয়ে ঘরের মাঠে শতভাগ জয়ের রেকর্ড অক্ষুণ্ন রাখল বার্সেলোনা। পয়েন্ট তালিকায় তারা এখন রিয়াল মাদ্রিদের চেয়ে চার পয়েন্ট এগিয়ে। যদিও রিয়ালের একটি ম্যাচ হাতে রয়েছে—সোমবার ঘরের মাঠে গেতাফের বিপক্ষে খেলবে তারা।

ভিয়ারিয়াল পাল্টা আক্রমণে কয়েকবার সুযোগ তৈরি করলেও শেষ পর্যন্ত ইয়ামালের উজ্জ্বলতা ঢেকে দেয় সবকিছু। আইওসে পেরেস ও নিকোলা পেপে সুযোগ পেলেও কাজে লাগাতে পারেননি। গোলরক্ষক জোয়ান গার্সিয়া একবার অপ্রয়োজনীয়ভাবে এগিয়ে এসে বিপদ ডেকে আনলেও শেষ পর্যন্ত রক্ষা পান। বার্সা কোচ হান্সি ফ্লিকের শততম ম্যাচে এমন জয় নিঃসন্দেহে স্বস্তির।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত