মুক্তাগাছায় তুচ্ছ ঘটনা নিয়ে সংঘর্ষে পুলিশসহ আহত ১৫

আপডেট : ০১ মার্চ ২০২৬, ০৩:৪০ পিএম

ময়মনসিংহের মুক্তাগাছায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুইপক্ষের সংঘর্ষে পাঁচ পুলিশসহ ১৫ জন আহত হয়েছে। মুক্তাগাছা শহরের আটানী বাজারের ছোট মসজিদ মোড়ে শনিবার (২৮ ফেব্রুয়ারি) বিকেলে এ সংঘর্ষ ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ সাউন্ড গ্রেনেড ও ফাঁকা গুলি ছোড়ে।

স্থানীয় ও পুলিশ জানায়, শুক্রবার মুক্তাগাছা শহরের আটানী বাজারের ছোট মসজিদ মোড়ে এক ভ্যানচালক ও ভটভটি চালকের মধ্যে বাকবিতণ্ডা হয়। পাশের দোকানের মালিক সোহেল ও খোকন বিষয়টি মীমাংসা করেন। তবে বিকেলে পাড়াটঙ্গী এলাকার কিছু লোকজন এসে খোকন ও সোহেলের দোকান ও গোডাউন ভাঙচুর চালায়। এতে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি শান্ত করতে স্থানীয় নেতাদের উদ্যোগে শনিবার বিকেলে দুইপক্ষের মধ্যে বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকের একপর্যায়ে আবারও সংঘর্ষ শুরু হয়। এরপর দুই শতাধিক লোক সংঘবদ্ধ হয়ে হামলা চালালে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করলে উভয়পক্ষের ইটপাটকেলের আঘাতে পাঁচ পুলিশ সদস্যসহ অন্তত ১৫ জন আহত হন। এ সময় ১০-১২টি দোকানপাট ভাঙচুর করা হয়।

ময়মনসিংহ জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) আব্দুল্লাহ আল মামুন জানান, তারাটি ও পাড়াটঙ্গী এলাকার বাসিন্দাদের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এর সঙ্গে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না। পেছনে কোনো ইন্ধন থাকলে সংশ্লিষ্টদের আইনের আওতায় আনা হবে। বর্তমানে এলাকায় তিনটি টিম মোতায়েন রয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত