কুমিল্লায় মা-মেয়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার 

আপডেট : ০১ মার্চ ২০২৬, ০৯:০২ পিএম

কুমিল্লার চান্দিনায় একই ঘরের দুই কক্ষ থেকে মা-মেয়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (১ মার্চ) বিকেল সাড়ে ৪টায় উপজেলার দোল্লাই নবাবপুর ইউনিয়নের সাঁকোজ গ্রামে ওই মরদেহ দুটি উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে, সাত বছরের মেয়েকে হত্যার পর মা আত্মহত্যা করেছেন। মা-মেয়ে হলো ওই গ্রামের মোজাহিদুল ইসলাম মজুমদারের স্ত্রী ফারহানা আক্তার (৩৩) ও তার মেয়ে ফাছিহা (৭)। স্থানীয়রা জানান, দুই মেয়ে ও এক ছেলের জননী ফারহানা আক্তার। ছেলে বাবার সঙ্গে ঢাকায় থাকেন। দশ বছর বয়সী বড় মেয়ে স্থানীয় একটি মাদরাসায় আবাসিকে থেকে লেখাপড়া করে। বাড়িতে শাশুড়ির সঙ্গে ছোট মেয়েকে নিয়ে থাকতেন ফারহানা।

রবিবার সকালে তালিম দিতে বাড়ি থেকে বের হন শাশুড়ি কদর বানু। দুপুরে শাশুড়ি বাড়ি ফিরে ঘরের দরজা জানালা বন্ধ থাকায় বাইরে থেকে ডাকাডাকি করেন। কোনো সাড়াশব্দ না পেয়ে এক পর্যায়ে আশপাশের মানুষজন ডাকেন তিনি। প্রতিবেশী রাসেল মজুমদার বলেন, জানালা ভেঙে ঘরের এক কক্ষে শিশু এবং অন্য কক্ষে নারীর ঝুলন্ত মরদেহ দেখে থানায় খবর দেই। তিনি বলেন, ধারণা করা হচ্ছে, শিশু মেয়েকে ফাঁস দিয়ে হত্যা করে নিজেও আত্মহত্যা করেছেন মা।

এ বিষয়ে চান্দিনা থানার ওসি (তদন্ত) মিজানুর রহমান বলেন, ঘটনাস্থলে গিয়ে একই ঘরের দুই কক্ষে ঝুলছিল মা- মেয়ের ঝুলন্ত মরদেহ দেখতে পাই। তবে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে মেয়েকে হত্যার পর মা গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন। দুই লাশ উদ্ধার করা হয়েছে। তদন্তের পরে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। মামলার প্রস্তুতি চলছে। 

 

 

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত