উৎকণ্ঠায় শুভশ্রীসহ অনেক তারকা শিল্পী

আপডেট : ০২ মার্চ ২০২৬, ১২:০৭ এএম

ইসরায়েল এবং আমেরিকার হামলার পর ইরানের পাল্টা আক্রমণের জেরে ব্যাহত আকাশ পথ। সাময়িকভাবে বন্ধ করা হয়েছে দুবাইসহ মধ্যপ্রাচ্যের বিমান চলাচল। এমন উত্তাল পরিস্থিতিতে বিপাকে পড়েছেন শুভশ্রী গাঙ্গুলি, সোনাল চৌহানসহ টলিউড ও বলিউডের বেশ কয়েকজন অভিনয়শিল্পী ও কলাকুশলী। জানা গেছে, স্কুল ছুটি থাকায় ছেলে ইউভানকে নিয়ে গত শনিবার দুবাই বেড়াতে গেছেন অভিনেত্রী শুভশ্রী। ৫ মার্চ সেখান থেকে কলকাতায় ফেরার টিকিটও কিনেছেন তিনি। কিন্তু দুবাইতে পৌঁছানোর পর থেকেই সেখানকার পরিস্থিতি ক্রমে বদলাতে শুরু করে। বর্তমানে হোটেলবন্দি অভিনেত্রী শুভশ্রী এবং ছেলে ইউভান। তারা ভালো আছেন, এমনটাই খবর অভিনেত্রীর পরিবার সূত্রের। তবে কলকাতায় বসে স্বাভাবিকভাবেই চিন্তার প্রহর গুনছেন শুভশ্রীর স্বামী পরিচালক রাজ চক্রবর্তী। তিনি বলেন, ‘শনিবারই (২৮ ফেব্রুয়ারি) শুভশ্রী আর আমার ছেলে ইউভান দুবাই গেছে। ওরা ফ্লাইট থেকে নামার কিছুক্ষণ পরেই সমস্ত বিমান পরিষেবা বন্ধ হয়ে যায়। ওরা নিরাপদভাবে হোটেলে পৌঁছায়।’ রাজ আরও বলেন, ‘দুবাইয়ের পরিস্থিতি খারাপ হতে শুরু করলে ওখানকার সরকার বাড়ি থেকে না বেরোনোর পরামর্শ দেয়। যতটা সম্ভব নিরাপদ আশ্রয়ে থাকার কথা বলা হয়। যদিও এখন ওরা নিরাপদেই আছে, তবু বাড়ির লোকজন চিন্তায়। ওরাও ওখান থেকে চিন্তা করছে। আমার ওখানকার বন্ধুবান্ধব, আত্মীয়রা সবাই সবার মতো করে খেয়াল রাখছে। তবে যতক্ষণ না ফিরে আসছে ততক্ষণ তো একটা চিন্তা থেকেই যায়।’

একই পরিস্থিতিতে পড়েছেন বলিউড অভিনেত্রী সোনাল চৌহানও। নিজ দেশে ফিরতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে সাহায্যের আবেদনও জানিয়েছেন ‘জান্নাত’খ্যাত এই নায়িকা। জানা গেছে, দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরে সোনাল চৌহানের মতো আরও অসংখ্য যাত্রী আটকা পড়েছেন। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া নানা ভিডিওতে দেখা গেছে, বিমানবন্দরের টার্মিনালগুলোতে যাত্রীদের ভিড় এবং উৎকণ্ঠা।

সর্বশেষ সর্বাধিক পঠিত