এই ঈদে

আপডেট : ০২ মার্চ ২০২৬, ১২:০৭ এএম

‘রাফ অ্যান্ড টাফ’ নিশো

পরিচালক রেদওয়ান রনি  জানালেন ঈদেই আসছে তার ‘দম’ সিনেমাটি। গতকাল রবিবার দুপুরে প্রকাশ্যে এসেছে সিনেমাটির প্রথম অফিশিয়াল পোস্টার, যা দর্শকের মধ্যে নতুন করে উন্মাদনা তৈরি করেছে। একইসঙ্গে এই সিনেমায় বড় চমক দিতে চলেছেন অভিনেতা আফরান নিশো। সত্য ঘটনা থেকে অনুপ্রাণিত সারভাইভাল ঘরানার এই সিনেমার পোস্টারে নিশোর এক বিধ্বংসী ও রহস্যময় লুক ফুটে উঠেছে। পোস্টারের বাম দিকে দেখা যাচ্ছে নিশোর মুখাবয়ব, যেখানে তার কপালে এবং চোখের পাশে গভীর ক্ষতের চিহ্ন স্পষ্ট। নিশোর এই ‘রাফ অ্যান্ড টাফ’ অবতার সিনেমাটির নাম ‘দম’ এবং এর সারভাইভাল গল্পের সঙ্গে দারুণ সামঞ্জস্যপূর্ণ। পোস্টারের ডান দিকে মরুভূমি, পাহাড়ি প্রান্তরের আবহ, যেখানে একদল ঘোড়সওয়ার এবং অস্ত্রধারী সৈনিকদের দেখা যাচ্ছে, যা একটি উত্তপ্ত পরিস্থিতির ইঙ্গিত দেয়। পোস্টারে বড় অক্ষরে লেখা ‘দম’ শব্দের নকশাতেও একটি রাইফেলের অবয়ব ফুটিয়ে তোলা হয়েছে।

নতুন চমকে সুজন

আবারও নতুন চমক নিয়ে হাজির হচ্ছেন তরুণ কণ্ঠশিল্পী সুজন। সংগীতাঙ্গনে নিয়মিত কাজ করে যাওয়া এ শিল্পী সম্প্রতি রোমান্টিক কথামালায় সাজানো দুটি নতুন গানে কণ্ঠ দিয়েছেন। গান দুটির শিরোনাম ‘মায়া’ ও ‘আমার গল্প’। এগুলোর মিউজিক ভিডিও নির্মাণের কাজও ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। ভিডিওতে মডেল হয়েছেন সুজন নিজেই, তার সঙ্গে দেখা যাবে মডেল তনিমাকে। মনোরম লোকেশনে দৃশ্যায়নের জন্য ঢাকা ও কক্সবাজারে হয়েছে শুটিং। মিউজিক ভিডিও দুটি পরিচালনা করেছেন শামিম আহসান। খুব শিগগিরই একটি ইউটিউব চ্যানেলে গান দুটি প্রকাশ করা হবে। নতুন কাজ নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করে সুজন বলেন, ‘তনিমা খুবই প্রতিভাবান একজন মডেল। গান দুটিতে সে দারুণ পারফর্ম করেছে। আমার বিশ্বাস, গান ও ভিডিও দুটোই দর্শকদের ভালো লাগবে।’ মডেল তনিমা বলেন, ‘সুজনের গানে কাজ করতে পেরে আমি আনন্দিত। গান দুটি অত্যন্ত সুন্দর ও হৃদয়ছোঁয়া। দর্শকদের কাছ থেকে ভালো সাড়া পাব বলে আশা করছি।’

সর্বশেষ সর্বাধিক পঠিত