মুক্তাগাছায় দুই পক্ষের মধ্যে সংঘর্ষ পুলিশসহ আহত ১৫

আপডেট : ০২ মার্চ ২০২৬, ০৭:৫১ এএম

ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এতে ৫ পুলিশ সদস্যসহ উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ সাউন্ড গ্রেনেড ও ফাঁকা গুলি ছোড়ে।

জানা যায়, গত শুক্রবার দুপুরে মুক্তাগাছা শহরের আটানী বাজারের ছোট মসজিদ মোড়ে এক ভ্যানচালক ও ভটভটি চালকের মধ্যে বাগ্বিত-া হয়। পাশের দোকানের মালিক সোহেল ও খোকন বিষয়টি মীমাংসা করেন। তবে বিকেলে পাড়াটঙ্গী এলাকার কিছু লোক এসে খোকন ও সোহেলের মালিকানাধীন মনসুর স্টোর ও একটি গুদামে ভাঙচুর চালায়। এতে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।

পরিস্থিতি শান্ত করতে স্থানীয় নেতাদের উদ্যোগে গত শনিবার বিকেলে দুই পক্ষের মধ্যে বৈঠক হয়। বৈঠকের একপর্যায়ে আবার সংঘর্ষের সূত্রপাত হয়। পুলিশ তাৎক্ষণিক হস্তক্ষেপ করে পরিস্থিতি সামাল দিলেও ইফতারের আগে ও পরে দুই পক্ষের মধ্যে দফায় দফায় ধাওয়া-পাল্টা ধাওয়া চলে। ইফতারের পর তারাটি এলাকার দুই শতাধিক লোক সংঘবদ্ধ হয়ে হামলা চালালে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। পুলিশ ঘটনাস্থলে অবস্থান নিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করলে উভয় পক্ষের ইটপাটকেলের আঘাতে ১৫ জন আহত হন। এ সময় ১০ থেকে ১২টি দোকান ভাঙচুরের ঘটনা ঘটে।

রাত ৯টার দিকে মুক্তাগাছা থানা পুলিশ, ডিবি পুলিশ, দুই প্লাটুন আর্মড পুলিশ ব্যাটালিয়ন ও র‌্যাব-১৪ সাঁজোয়া যানসহ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। উভয় পক্ষকে ছত্রভঙ্গ করতে পুলিশ সাউন্ড গ্রেনেড ও ফাঁকা গুলি নিক্ষেপ করে।

ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) আব্দুল্লাহ আল মামুন বলেন, তারাটি ও পাড়াটঙ্গী এলাকার বাসিন্দাদের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ দ্রুত ব্যবস্থা গ্রহণ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকায় তিনটি টিম মোতায়েন রয়েছে বলেও জানান তিনি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত