শিক্ষা ছুটিতে বিদেশে গিয়ে নির্ধারিত সময়ে কর্মস্থলে না ফেরা এবং দীর্ঘদিন অনুপস্থিত থাকার অভিযোগে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) পাঁচজন শিক্ষক ও একজন কর্মকর্তাসহ মোট ছয়জনকে চাকরিচ্যুতির সুপারিশ করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ১০৯তম সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয় বলে সিন্ডিকেটের একাধিক সদস্য নিশ্চিত করেছেন।
চাকরিচ্যুতির সুপারিশ পাওয়া শিক্ষকরা হলেন, মেডিসিন অ্যান্ড পাবলিক হেলথ বিভাগের অধ্যাপক কে বি এম সাইফুল ইসলাম, মৃত্তিকা বিজ্ঞান (সয়েল সায়েন্স) বিভাগের সহযোগী অধ্যাপক সাইফুল্লাহ শাহরিয়ার, কৃষি সম্প্রসারণ (অ্যাগ্রিকালচারাল এক্সটেনশন) বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. জাভেদ আজাদ, কৃষিতত্ত্ব (এগ্রোনমি) বিভাগের সহযোগী অধ্যাপক মারজানা ইয়াসমিন এবং কৃষি রসায়ন (অ্যাগ্রিকালচারাল কেমিস্ট্রি) বিভাগের সহযোগী অধ্যাপক মো. মেফতাউল ইসলাম সৈকত। এ ছাড়া একই অভিযোগে ডেপুটি রেজিস্ট্রার হিমাংশু ম-লকেও বহিষ্কারের সুপারিশ করা হয়েছে। তবে ডেপুটি রেজিস্ট্রারকে দ্বিতীয় ধাপে চিঠি দিয়ে পুনরায় সতর্ক করার প্রক্রিয়া রাখা হয়েছে। শেকৃবি উপাচার্য অধ্যাপক ড. আব্দুল লতিফ দেশ রূপান্তরকে বলেন, কর্মস্থলে দীর্ঘদিন অনুপস্থিত থাকায় বিধি মোতাবেক ব্যবস্থা নিতে সিন্ডিকেট থেকে সুপারিশ করা হয়েছে।