সামনে প্রবল প্রতিপক্ষ চীন। অনেক প্রতিবন্ধকতা জয় করা এক ঝাঁক নারী ফুটলার নিয়ে পিটার বাটলারকে আজ লড়তে হবে এক অসম লড়াই। যে ম্যাচ দিয়ে এশিয়ান কাপে অভিষেক হবে ঋতুপর্ণা চাকমা, আফঈদা খন্দকারদের। এশিয়ার সেরা মঞ্চে অগ্নিপরীক্ষার আগে আলোচিত ডেভিড অ্যান্ড গোলিয়াথ সিনেমার প্রসঙ্গ টেনে আনলেন বাংলাদেশ কোচ।
এশিয়ান কাপ যতই ঘনিয়ে এসেছে, নিজেকে বাস্তববাদী মানুষ হিসেবে জাহির করেছেন বাটলার। বারবার বোঝাতে চেয়েছেন চীন, উত্তর কোরিয়ার ধারেকাছে নেই তার দল। মহাবিপর্যয়ে যাতে হতাশায় ভেঙে পড়তে না হয়। বাটলার ডাগআউটের মতো কথায়ও বেশ চটূল। নানাভাবেই আসন্ন বিপর্যয়ে টলে না যেতে প্রতিষেধক হিসেবে বাস্তব শব্দটাকে টেনে এনেছেন। অধিনায়ক আফঈদা খন্দকার অবশ্য দিয়েছেন লড়াইয়ের প্রতিশ্রুতি। চীনকে যোজন এগিয়ে রেখে তিনি হারার আগেই না হারার মন্ত্র বুনে মাঠে নামার কথা বলেছেন।
'আমি একজন বাস্তববাদী মানুষ। মনে রাখতে হবে ফুটবলে প্রস্তুতিই সব; আপনি যদি ঠিকঠাক প্রস্তুতি না নেন, তবে ভালো ফলাফল আশা করতে পারেন না। এটাই সত্য। আমার মনে হয় এই বিষয়ে যথেষ্ট বলা হয়েছে, এখন আমাদের এসব পেছনে ফেলে সামনে এগিয়ে যেতে হবে।'
এরপর যোগ করেন, 'তারা (চীন) সত্যিই অনেক ভালো দল। তারা কেবল ফুটবল পরাশক্তিই নয়, তাদের বিনিয়োগও অনেক বেশি এবং তাদের খেলোয়াড়রাও বেশ দক্ষ। আন্তে) তাদের খুব ভালো প্রশিক্ষণ দিয়েছেন। এটি আসলে ডেভিড অ্যান্ড গোলিয়াথ কিংবা 'বিউটি অ্যান্ড দ্য বিস্ট' এর মতো একটি লড়াই। আমাদের বাস্তববাদী হতে হবে, আমরা আসলে তাদের পর্যায়ের দল নই।'
এশিয়ান কাপের প্রস্তুতি স্বরূপ ওয়েম্বলিতে ইংল্যান্ডের সঙ্গে ম্যাচ খেলেছিল চীন। নভেম্বরে সে ম্যাচে ৮-০ গোলে হারের লজ্জা। এছাড়া স্কটল্যান্ডের কাছেও হারতে হয় ৩-২ ব্যবধানে। এমন সব হারের পর চীনও একটু চাপেই আছে। তাই বলে বাংলাদেশ অঘটন ঘটিয়ে দেবে- এমনটা স্রেফ অলিক কল্পনা। বাটলার অবশ্য চীনের একটা বাজে দিনের প্রত্যাশা করছেন খুব করে, 'আমি শুধু মনে করি আমাদের মাঠে গিয়ে নিজেদের খেলাটা খেলতে হবে। আকাশকুসুম কোন স্বপ্ন দেখছি না, আমি এই পেশায় অনেকদিন ধরে আছি এবং অনেক মহাদেশে কাজ করেছি। তবে বিশ্বাস করি মাঝে মধ্যে অদ্ভুত বা অলৌকিক কিছুও ঘটে যেতে পারে। আমি কেবল বলবো—সৎ থাকতে হবে। আমাদের খেলোয়াড়রা শারীরিক গঠনে ছোট হতে পারে, কিন্তু তাদের হৃদয় অনেক বড়। তারা দেশের জন্য ভালো কিছু করতে চায়। বাংলাদেশ খুবই গর্বিত একটি জাতি। আমরা আমাদের ফুটবল খেলব এবং মানুষের মন জয় করার চেষ্টা করব। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, আমরা সততা, নিষ্ঠা এবং বিনয়ের সাথে খেলব।'
আফঈদা দলের পাশাপাশি নের্তৃত্ব দেবেন রক্ষণভাগেরও। বাটলার প্রিয় হাই-লাইন ডিফেন্স তত্ত্বে দলকে আত্বস্ত করতে চাইছেন অনেক ধরেই। এই কৌশল বাস্তবায়নে বড় ভূমিকা রাখতে হবে আফঈদাসহ রক্ষণভাগকে। বাংলাদেশ অধিনায়ক কোচের তত্ত্ব মেনে ভয়ডরহীন ফুটবল খেলার কথা বলেছেন, 'আমাদের চেষ্টা থাকবে অবশ্যই ভালো কিছু করার। চায়না সব দিক দিয়েই ভালো। এশিয়ান চ্যাম্পিয়ন এবং শক্তিশালী টিম হিসেবে তারা খেলছে। চায়নার সঙ্গে খেলতে পারাটাও আমাদের সৌভাগ্যের। এ ম্যাচ থেকে আমরা অনেক কিছু শিখবো। তবে ভালো দল বলেই অবশ্যই মাঠের লড়াইয়ে ছাড় দিবো না বাং ছেড়ে দিবো না। আমরা অবশ্যই লড়াই করবো। আমাদের কোন চাপ নেই। কোচ যে হাই-লাইন ডিফেন্স কৌশলে খেলাতে চান সেভাবে খেলেই আমরা ভালো কিছু করবো।'
বিশ্বকাপে ভরাডুবিতে বাবর-আফ্রিদিদের ৫০ লাখ করে জরিমানা
'মেয়েদের ওপর আস্থা থেকেই আজ আমরা এখানে',-তাবিথ আউয়াল