রাজশাহীর পবায় তারাবি পড়তে গিয়ে নিখোঁজ আদিব আহনাফ নামে ১১ বছর এক বয়সী শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২ মার্চ) সকালে উপজেলার দর্শনপাড়া ইউনিয়নের বিল ধরমপুর এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত আদিব আহনাফ ওই এলাকার মোস্তাফিজুর রহমানের ছেলে ও বিল ধরমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী।
রাজশাহী মহানগর পুলিশের উপ কমিশনার গাজিউর রহমান জানান, রবিবার (১ মার্চ) রাতে দাদা শামসুল হুদার সঙ্গে ধরমপুর জামে মসজিদে তারাবির নামাজ আদায়ের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয় আদিব। কিন্তু রাত পেরিয়ে গেলেও সে বাড়ি ফেরেনি। পরিবারের সদস্যরা আত্মীয়স্বজনের বাড়ি ও আশপাশের বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি। সোমবার ভোরে স্থানীয় কয়েকজন কৃষক ধানক্ষেতে একটি মরদেহ পড়ে থাকতে দেখে থানায় খবর পাঠায়। পরে পুলিশ ঘটনাস্থলে থেকে মরদেহ উদ্ধার করে।
তিনি জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে শিশু আদিবকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। গলাই বেল্ট পেঁচিয়ে তার শ্বাসরোধ করা হয়েছে। কপালেও আঘাতের চিহ্ন রয়েছে। এ ঘটনায় বেশ কিছু ইস্যু মাথায় রেখে তদন্ত করছে পুলিশ।
