নীলফামারীর ডোমার উপজেলায় অস্বাস্থ্যকর পরিবেশে মুড়ি উৎপাদন এবং মুড়িতে নিষিদ্ধ উপাদান ব্যবহারের দায়ে একটি মুড়ি মিলকে এক লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (২ মার্চ) দুপুরে উপজেলার বক্করের মোড়ে অবস্থিত সন্তোষী মুড়ি মিলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শায়লা সাঈদ তন্বী।
এসময় জেলা নিরাপদ খাদ্য অধিদপ্তরের সহকারী পরিচালক শিহাব উদ্দীন, জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক সামসুল আলম, বিজিবি ও পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।
এবিষয়ে উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শায়লা সাঈদ তন্বী বলেন, একটি মুড়ি কারখানায় অভিযান চালিয়ে অস্বাস্থ্যকর পরিবেশ ও হাইড্রোজ ও ইন্ডাস্ট্রিয়াল সল্ট ব্যবহারের দায়ে এক লাখ টাকা জরিমানা করা হয়।
