যশোরের মনিরামপুর উপজেলায় আরিফ হোসেন (১৮) নামে এক কিশোরকে কুপিয়ে হত্যার পর তার লাশ মাছের ঘেরে ফেলে গেছে দুর্বৃত্তরা। রবিবার (১ মার্চ) মধ্যরাতে উপজেলার বালিধা গ্রামের বৈরাগী মোড় সংলগ্ন একটি ঘেরপাড়ে এ ঘটনা ঘটে।
নিহত আরিফ হোসেন ওই গ্রামের গরু ব্যবসায়ী আতিয়ার রহমানের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দুর্বৃত্তরা আরিফের মাথায় উপর্যুপরি কুপিয়ে এবং ডান হাতের কব্জি কেটে শ্বাসরোধ করে হত্যা করে। পরে তার মরদেহ আনোয়ার ফকিরের মাছের ঘেরে ফেলে রেখে যায়।
সোমবার (২ মার্চ) সকালে মাছ ধরতে এসে স্থানীয়রা ঘেরের পানিতে লাশ ভাসতে দেখে পুলিশে খবর দেয়।
খবর পেয়ে মনিরামপুর থানার পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনাস্থলের ঘেরপাড়ে রক্তের দাগের পাশে এসটি দিয়াশলাই ও নগদ টাকা পাওয়া গেছে।
নিহতের বাবা আতিয়ার রহমান পুলিশকে জানান, রবিবার রাত ১০টার দিকে বাড়িতে ছেলের সঙ্গে তার শেষ কথা হয়। এরপর সকালে লাশ উদ্ধারের খবর পান তিনি। হত্যার কারণ সম্পর্কে নিশ্চিত হতে পারেনি পুলিশ।
তবে স্থানীয়দের ধারণা, এলাকায় কিছু উঠতি বয়সী নেশাগ্রস্ত ও অনলাইন জুয়ার সঙ্গে যুক্ত কিশোর-যুবকদের সঙ্গে আরিফের ওঠাবসা ছিল। কোনো বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটতে পারে।
অন্য একটি সূত্র জানিয়েছে, কয়েকদিন আগে আরিফ একটি দামি মোবাইল ফোন কিনেছিল। সেটি ছিনিয়ে নেওয়ার উদ্দেশ্যেও হত্যাকাণ্ড ঘটতে পারে বলে সন্দেহ করা হচ্ছে।
মনিরামপুর থানার উপ-পরিদর্শক (এসআই) শাহিন হোসেন বলেন, কিশোরের শরীরে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। হত্যার সুনির্দিষ্ট কারণ এখনো জানা যায়নি। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।
একুশে পদকপ্রাপ্ত কবি জাহানারা আরজু আর নেই