আল-আকসায় তারাবির নামাজ বন্ধ করে দিল ইসরায়েল

আপডেট : ০২ মার্চ ২০২৬, ০৮:৩৭ পিএম

যুক্তরাষ্ট্র ও ইসরায়েল কর্তৃক ইরানে হামলার পর ঘোষিত ‘জরুরি অবস্থা’র অজুহাতে অধিকৃত জেরুজালেমে অবস্থিত মুসলমানদের প্রথম কিবলা মসজিদুল আকসায় এশা ও তারাবির নামাজ বন্ধ করে দিয়েছে ইসরায়েলি পুলিশ। 

শনিবার (রমজানের ১১তম দিন) রাত থেকে কার্যকর হওয়া এই নিষেধাজ্ঞার ফলে সাধারণ মুসল্লিদের জন্য মসজিদের প্রবেশপথ পুরোপুরি বন্ধ রাখা হয়েছে। ইসরায়েলি বাহিনীর এই সিদ্ধান্তকে ‘সম্পূর্ণ অবৈধ’ ও ইবাদতের স্বাধীনতার পরিপন্থী বলে অভিহিত করেছেন আল-আকসা মসজিদের খতিব শায়খ একরিমা সাবরি।

ইসলামী ওয়াকফ বিভাগের সূত্র জানিয়েছে, শনিবার রাতে সাধারণ মুসল্লিদের কাউকেই মসজিদে ঢুকতে দেওয়া হয়নি। শুধু মসজিদের ইমাম শায়খ ইউসুফ আবু আসনাইনা, পরিচালক শায়খ ওমর আল-কিসওয়ানি এবং হাতেগোনা কয়েকজন ওয়াকফ কর্মী এশার নামাজ আদায় করার সুযোগ পেয়েছেন। জেরুজালেম গভর্নরেট জানিয়েছে, চলতি রমজানের শুরু থেকে প্রতিদিন লাখো মুসল্লি অংশ নিলেও এখন আল-আকসা কার্যত মুসল্লিশূন্য।

রমজানের এই ভরা মৌসুমে মুসল্লিশূন্য আল-আকসার দৃশ্য অনেকের মনে ২০২০ সালের করোনা মহামারির স্মৃতি ফিরিয়ে এনেছে। তবে জেরুজালেমবিষয়ক গবেষক জিয়াদ ইভহাইস মনে করেন, এটি নিছক নিরাপত্তা নয়, বরং আল-আকসাকে এককভাবে নিয়ন্ত্রণে নেওয়ার চূড়ান্ত পদক্ষেপ। তিনি সামাজিক মাধ্যমে লিখেছেন, মসজিদটির ওপর ইসরায়েলি সার্বভৌমত্ব প্রতিষ্ঠার এই চেষ্টাকে কোনোভাবেই মেনে নেওয়া উচিত নয় এবং সম্ভাব্য সব উপায়ে এর মোকাবিলা করতে হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত