৫০ ওভারের ক্রিকেট ম্যাচ এখন অনেকটাই বাসি সিঙ্গারার মতো, লোকে আগ্রহ দেখায় না। তাতে না আছে টি-টোয়েন্টির মুচমুচে রোমাঞ্চ, না আছে টেস্টের বনেদি ঠাটবাট। তবুও রাজশাহী আর বগুড়ায় বাংলাদেশ ক্রিকেট লিগের ওয়ানডে সংস্করণের ম্যাচ দেখতে মাঠে হাজির ছিলেন অনেক দর্শক। উইকেট ভালো ছিল, রানও হয়েছে। দর্শকরাও পেয়েছেন কাক্সিক্ষত বিনোদন। আজ মিরপুরের শেরেবাংলা স্টেডিয়ামে ফাইনাল। জ্যোতিষী না হয়েও অন্তত দুটো ভবিষ্যদ্বাণী নিরাপদে করা যায়, দর্শক কম হবে এবং সেই সঙ্গে রানও।
সোমবার দুপুরে একপশলা ফাল্গুনি বৃষ্টি ভিজিয়েছে শেরেবাংলা স্টেডিয়ামের সবুজ গালিচাকে। মঙ্গলবারের আবহাওয়া বার্তা অবশ্য কড়া রোদেরই আভাস দিচ্ছে। এখানেই উত্তরের সঙ্গে মধ্যের দ্বৈরথ। কিংবা বলা যায়, প্রায় জাতীয় দলের সঙ্গে প্রত্যাখ্যাতদের। নর্থ জোন সবশেষ দুই আসরের শিরোপাজয়ী। দলের নেতৃত্বে লম্বা সময় জাতীয় দলকে নেতৃত্ব দেওয়া নাজমুল হোসেন শান্ত। দলে তানজিদ হাসান তামিম, লিটন দাস, তাওহীদ হৃদয়, রিশাদ হোসেন, শরীফুল ইসলাম... বিসিবির কেন্দ্রীয় চুক্তিতে থাকা বেশ কজন ক্রিকেটারই আছেন এই দলে। অন্যদিকে সেন্ট্রাল জোন বা মধ্যাঞ্চলে উঠতি আর প্রাক্তনিদেরই ভিড়। জিশান আলম, মাহফিজুল ইসলাম রবিন, রিপন ম-ল, রাকিবুল হাসানের মতো তরুণ তুর্কিরা যেমন আছেন, তেমনি মোসাদ্দেক হোসেন সৈকতের মতো পোড়খাওয়া আর আবু হায়দার রনির মতো স্বল্পায়ু আন্তর্জাতিক ক্যারিয়ারের ক্রিকেটারও আছেন। ফেব্রুয়ারির শেষ দিনে রাজশাহীতে এই দুই দলই মুখোমুখি হয়েছিল গ্রুপপর্বের শেষ ম্যাচে, নবীন আর অভিজ্ঞের মিশেলে যে ম্যাচটা ২ উইকেটে জিতেছিল সেন্ট্রাল জোন। ফাইনালে এই দুই দলই মুখোমুখি, ভেন্যুর সঙ্গে কি ভাগ্য বদলাবে দুই দলের?
নর্থ জোনের বোলিং কোচ তারেক আজিজ খান আশা করছেন, মিরপুরের উইকেট ভালো ক্রিকেটের উপযোগী থাকবে, ‘মিরপুরে অনেক দিন হয় ওয়ানডে ম্যাচ হয় না। দুপুরে বৃষ্টিও হলো। বগুড়া এবং রাজশাহীর উইকেট ব্যাটারদের জন্য বেশ সহায়ক ছিল, আবার রাজশাহীতে বোলাররাও বাড়তি সুবিধা পেয়েছেন। মিরপুরের উইকেট সাধারণত ভিন্ন হলেও, সাম্প্রতিক বিপিএলে সেখানে ভালো উইকেট দেখা গেছে। খেলোয়াড়দের ভিন্ন ভিন্ন কন্ডিশনে মানিয়ে নেওয়ার ক্ষমতা তৈরি হচ্ছে এই টুর্নামেন্টের মাধ্যমে।’ সেন্ট্রাল জোনের ব্যাটসম্যান সাইফ হাসানও মনে করছেন, উইকেট ভালো থাকবে, ‘বগুড়া, রাজশাহীতে তো ন্যাচারালি খুব ভালো উইকেট থাকে। আর মিরপুরে কালকে যেহেতু ডে-নাইট গেম, সো হোপফুলি ভালো উইকেট থাকবে।’
টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে আয়ারল্যান্ড সিরিজ, বিপিএল এবং বিশ্বকাপের পরিবর্তে অদম্য বাংলাদেশ টি-২০ টুর্নামেন্ট, সব মিলিয়ে প্রায় মাস চারেক ধরে টি-টোয়েন্টিই খেলেছেন বাংলাদেশের ক্রিকেটাররা। পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজের আগে সবশেষ ওয়ানডে বাংলাদেশ খেলেছেন অক্টোবরের ২৩ তারিখে। দীর্ঘ বিরতিতে তৈরি হওয়া অনভ্যাস কাটাতেই বিসিএল ওয়ানডের আয়োজন। সময়সূচিও ঠিক করা হয়েছে পাকিস্তান সিরিজের আদলেই। ম্যাচ শুরু হবে দুপুর ২টা ১৫ মিনিটে।
গত বছরই ওয়ানডে দলে সুযোগ পেয়েছেন সাইফ হাসান। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সবশেষ ইনিংসে করেছেন ৮০, ধরে নেওয়া যায় পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে দলে থাকছেন এই ডানহাতি ব্যাটসম্যান। যদিও বিসিএলের তিন ইনিংসে রান যথাক্রমে ১৯, ৬ আর ১৪। ফাইনালের আগে সাইফ জানালেন, ‘অবশ্যই, গত এক বছর যদি বলেন এক দেড় বছর ওরকম ওয়ানডে খেলার সুযোগ পাইনি। কিছু ওয়ানডে আমরা খেলেছি, তাও টি-টোয়েন্টির মাঝখানে। তাই এখন যে ওয়ানডে সিরিজ আছে অবশ্যই প্রস্তুতিটা অনেক বেশি গুরুত্বপূর্ণ হবে।’
বিসিএলের ফাইনালটা গুরুত্বপূর্ণ আকবর আলীর জন্য। এবার যদিও আকবর অধিনায়ক নন, আগেরবার ছিলেন। অধিনায়ক কিংবা খেলোয়াড় হিসেবে গুরুত্বপূর্ণ সব ঘরোয়া আসরের শিরোপা জয়ের অভিজ্ঞতা হয়ে গেছে তার, হচ্ছে না শুধু জাতীয় দলে অভিষেক। এই বিসিএলের শুরুটা করেছেন সেঞ্চুরি দিয়ে, শেষটা যদি রাঙাতে পারেন তাহলে হয়তো জাতীয় দলে সুযোগ এসেও যেতে পারে।