কুয়াকাটায় আগুনে ভস্মীভূত ক্ষতিগ্রস্তদের পাশে ছাত্রদল নেতা

আপডেট : ০৩ মার্চ ২০২৬, ০৩:৫৬ পিএম

কুয়াকাটা পৌর এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে হোটেল ও গার্মেন্টসসহ পাশাপাশি থাকা ৮টি দোকান পুড়ে ভস্মীভূত হয়েছে। এতে কয়েক লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ব্যবসায়ীরা। আগুনে ক্ষতিগ্রস্তদের মাঝে নগদ আর্থিক সহায়তা দেন কুয়াকাটা পৌর ছাত্রদলের সদস্য সচিব নেছার উদ্দিন হাওলাদার।

মঙ্গলবার (৩ মার্চ) সকালে ঘটনাস্থল পরিদর্শনে এসে তিনি ক্ষতিগ্রস্ত দোকানিদের হাতে নগদ সহায়তা তুলে দেন এবং তাদের খোঁজখবর নেন। 

এর আগে গত ২৭ ফেব্রুয়ারি সকালে একটি দোকানের বালিশে লাগা আগুন থেকে লেলিহান শিখা ছড়িয়ে পড়ে। মুহূর্তের মধ্যে আগুন পাশের হোটেল, গার্মেন্টস ও অন্যান্য দোকানে ছড়িয়ে পড়ে। স্থানীয়দের চেষ্টায় এবং ফায়ার সার্ভিসের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে এলেও ততক্ষণে ৮টি দোকান সম্পূর্ণ পুড়ে যায়।

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী মো. রফিকুল ইসলাম বলেন, আগুন লাগার পর আমরা কিছুই বের করতে পারিনি। আমাদের সব মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। এখন আমরা নিঃস্ব হয়ে পড়েছি।

আরেক ব্যবসায়ী জানান, ঋণ করে দোকানে মাল তুলেছিলাম। সব শেষ হয়ে গেছে। দ্রুত সরকারি সহায়তা না পেলে ঘুরে দাঁড়ানো কঠিন হবে।

স্থানীয় বাসিন্দা আবদুল রহিম বলেন, আগুন খুব দ্রুত ছড়িয়ে পড়ে। সবাই মিলে চেষ্টা করেছি, কিন্তু আগুনের তীব্রতা বেশি থাকায় বাঁচানো যায়নি। ক্ষতিগ্রস্তদের পাশে সবাইকে দাঁড়ানো উচিত।

ছাত্রদল নেতা নেছার উদ্দিন হাওলাদার বলেন, দোকানগুলো পুড়ে যাওয়ায় অনেক পরিবার আজ অসহায় হয়ে পড়েছে। মানবিক দায়িত্ববোধ থেকে তাদের পাশে দাঁড়িয়েছি। ভবিষ্যতেও যেকোনো দুর্যোগে ক্ষতিগ্রস্তদের পাশে থাকার চেষ্টা করব।

তিনি আরও জানান, ক্ষতিগ্রস্তদের জন্য সরকারি ও বেসরকারি সহায়তা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের দৃষ্টি আকর্ষণ করা হবে।
এ ঘটনায় স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে ক্ষয়ক্ষতির তালিকা প্রস্তুতের কাজ চলছে বলে জানা গেছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত