কক্সবাজারের মহেশখালীর মাতারবাড়ীতে কোল পাওয়ার জেনারেশন কোম্পানির প্রকল্পে সশস্ত্র ডাকাতদলের অনুপ্রবেশ চেষ্টা আনসার বাহিনীর সদস্যদের সাহসী পদক্ষেপে ব্যর্থ হয়েছে। ২০-২৫ জনের সংঘবদ্ধ চক্রকে প্রতিহত করেছেন কর্তব্যরত আনসার সদস্যরা। পরে এক ডাকাত সদস্যকে গ্রেপ্তার করা হয়।
আনসার-ভিডিপি সদর দপ্তর সূত্রে জানা যায়, সোমবার রাত ৩টা ৫০ মিনিটে প্রকল্প এলাকায় কিছু লোকের সন্দেহজনক গতিবিধি লক্ষ্য করে তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট ব্যক্তিদের চ্যালেঞ্জ করেন দায়িত্বরত দুই আনসার সদস্য। এ সময় ডাকাতরা দেশীয় অস্ত্র, রামদা, ছুরি ও লাঠিসোঁটা নিয়ে অতর্কিত হামলা চালানোর চেষ্টা করে। তাৎক্ষণিক দায়িত্বরত আনসার সদস্য মো. আশিকুর রহমান তার শটগান থেকে দুই রাউন্ড রাবার কার্তুজ ফাঁকা ফায়ার করেন। এতে ডাকাতদল ছত্রভঙ্গ হয়ে পালিয়ে যেতে বাধ্য হয়। খবর পেয়ে নৌবাহিনীর একটি টহল দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আনসার সদস্যদের সঙ্গে যৌথ তৎপরতা শুরু করে। সমন্বিত ধাওয়ার একপর্যায়ে ডাকাতচক্রের অন্যতম সদস্য শহিদুল্লাহকে (৪০) আটক করা হয়। বিজ্ঞপ্তি
