সেই শুভকে দাফনের নির্দেশ হাইকোর্টের

আপডেট : ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৪ এএম

নারায়ণগঞ্জ শহরে মাদক নিয়ে বিরোধের জের ধরে হত্যার শিকার শুভ চন্দ্র দাস ওরফে মো. বিল্লালের দাফন নিয়ে জটিলতা কেটেছে। সনাতন ধর্ম থেকে ইসলাম ধর্ম গ্রহণ করা বিল্লালের লাশ ইসলামী রীতিতে দাফনের নির্দেশ দিয়েছে হাইকোর্ট।

বিচারপতি মুহাম্মদ ইকবাল কবির ও বিচারপতি মো. সাইফুল ইসলামের বেঞ্চ গত বৃহস্পতিবার শুনানি শেষে বিল্লালের লাশ তার স্ত্রী জ্যোতির কাছে হস্তান্তরের নির্দেশ দেন। একই সঙ্গে  আদালত ইসলামী শরিয়া অনুযায়ী তার দাফনের আদেশ দেন।

গত ৫ সেপ্টেম্বর রাতে নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়ায় মাদক নিয়ে দ্বন্দ্বের জেরে হত্যার শিকার শুভ চন্দ্র দাস ওরফে বিল্লালের মরদেহের শেষকৃত্য নিয়ে জটিলতা তৈরি হয়েছিল। নিহত শুভর লাশ তার সনাতন ধর্মাবলম্বী বাবা হিন্দুরীতি অনুযায়ী সৎকার করতে চাইলেও তার স্ত্রী, মা, ভাই ও বোন ইসলামী রীতি অনুযায়ী দাফনের দাবি তোলেন।

জানা গেছে, শুভর জন্মদাতা বাবা হরি চন্দ্র দাসের সঙ্গে ২০০৩ সালে তার মা পার্বতী দাসের বিবাহ বিচ্ছেদ হয়। পরে পার্বতী দাস নাবালক চার সন্তানকে নিয়ে ধর্মান্তরিত হয়ে হলফনামার মাধ্যমে আয়েশা বেগম নাম ধারণ করেন। ওই সময় ৭ বছর বয়সী শুভর নাম তার মা বিল্লাল রাখেন। পরবর্তীতে শুভ এক মুসলিম মেয়েকে বিয়ে করেন। যদিও জাতীয় পরিচয়পত্রে শুভ তার নাম পরিবর্তন করেননি। এমনকি ধর্মান্তরিত হওয়ার বিষয়টি নিয়েও হলফনামা করেনি। বিয়ের কাগজেও নাম ব্যবহার করেছে শুধুই শুভ। এ কারণে শেষকৃত্য নিয়ে জটিলতা তৈরি হয়।

বিল্লালের মৃত্যুর পর তার লাশ দাফন নিয়ে জটিলতা দেখা দিলে স্ত্রী জ্যোতি ইসলামী রীতিতে দাফনের জন্য প্রথমে জেলা প্রশাসকের কাছে আবেদন করেন। ওই আবেদনের নিষ্পত্তি না হওয়ায় পরে হাইকোর্টে রিট মামলা করেন তিনি।

সর্বশেষ সর্বাধিক পঠিত