সিলেটে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

প্রতীকের বিষয় নিষ্পত্তির পর স্থানীয় সরকার নির্বাচন

আপডেট : ০৪ মার্চ ২০২৬, ০৭:৫২ এএম

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেছেন, ‘বিগত সরকারের আমলে আইন পরিবর্তন করে স্থানীয় সরকার নির্বাচন দলীয় প্রতীকে করা হয়েছে, যা অনেক প্রশ্নবিদ্ধ হয়েছে। দলীয় প্রতীকের পরিবর্তে সাধারণ প্রতীকে নির্বাচনের বিষয়ে অন্তর্বর্তী সরকার একটি অধ্যাদেশ জারি করেছে। ১২ মার্চ এই অধ্যাদেশ সংসদে উপস্থাপন করা হবে। সংসদ কোন অধ্যাদেশ গ্রহণ করবে বা কোনটি করবে না এ সিদ্ধান্ত সংসদেই নেওয়া হবে। প্রতীকের বিষয়টি চূড়ান্ত নিষ্পত্তি হওয়ার পর স্থানীয় সরকার নির্বাচন আয়োজন করা হবে।’

গতকাল মঙ্গলবার সিলেট সিটি করপোরেশনের (সিসিক) কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রতিমন্ত্রী এসব কথা বলেন। মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী।

সিটি করপোরেশনের ওয়ার্ডগুলোতে প্রশাসক নিয়োগ দেওয়া হবে কি ন এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘জাতীয় পর্যায় থেকে সিদ্ধান্ত এলে প্রয়োজনে ওয়ার্ড পর্যায়েও প্রশাসক নিয়োগ দেওয়া হতে পারে।’ মতবিনিময় সভায় স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম সিসিকের নবনিযুক্ত প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরীর প্রশংসা করে বলেন, ‘তার বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের পাশাপাশি রাষ্ট্রীয় বিভিন্ন কাজে সমৃদ্ধ অভিজ্ঞতা রয়েছে। আশা করি, তার নেতৃত্বে সিলেট একটি আধুনিক নগরে পরিণত হবে এবং নাগরিকরা সর্বোচ্চমানের নাগরিক সেবা পাবেন।’

সিলেট সিটি করপোরেশনের কার্যক্রমের প্রশংসা করে তিনি বলেন, ‘আসার পথে দেখেছি সিলেট নগর অনেক পরিষ্কার-পরিচ্ছন্ন। আশা করি এই ধারাবাহিকতা বজায় থাকবে।’

তিনি সরকারের ওপর নির্ভরতা কমিয়ে সিটি করপোরেশনের নিজস্ব আয় বাড়ানোর ওপরও জোর দেন। এ সময় তিনি ছড়া ও খাল খনন করে দুই পাড়ে দৃষ্টিনন্দন ওয়াকওয়ে নির্মাণ, সিটি করপোরেশনের অধীনে সিটি ওয়াসা স্থাপনসহ বিভিন্ন প্রকল্প প্রণয়নের পরামর্শ দেন। সড়ক সংস্কারকাজে পরিবেশবান্ধব পদ্ধতি প্রয়োগের নির্দেশও দেন তিনি।

সভাপতির বক্তব্যে প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেন, ‘সিলেটকে বাংলাদেশের দৃষ্টিনন্দন ও বাসযোগ্য আধুনিক নগর হিসেবে গড়ে তুলতে সবার সহযোগিতা প্রয়োজন। সরকারের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের পাশাপাশি নাগরিকদের সক্রিয় অংশগ্রহণও অত্যন্ত জরুরি।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত