চব্বিশের জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের মধ্যে রাজধানীর রামপুরায় কার্নিশে ঝুলে থাকা এক যুবককে গুলি এবং দুজনকে হত্যার ঘটনায় করা মানবতাবিরোধী অপরাধের মামলার রায় পেছাতে প্রসিকিউশনপক্ষে আবেদন করা হবে। আজ বুধবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ মামলার রায় ঘোষণার দিন ধার্য আছে। ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম গতকাল দেশ রূপান্তরকে বলেন, ‘আমরা আগামীকাল (আজ) সকালে রায় পেছাতে একটি আবেদন করব। আমার কাছে মনে হয়েছে এই মামলায় আরও কিছু অতিরিক্ত সাক্ষ্য ও তথ্যপ্রমাণ দেওয়া দরকার। এর আগে হয়তো সেগুলো আসেনি এবং এগুলো এখন প্রয়োজন হবে। রায় পেছানো আমরা চাইব। পরে আদালত কী সিদ্ধান্ত দেবে, সেটি তাদের বিবেচনা।’
এর আগে গত ১৫ ফেব্রুয়ারি এ মামলায় রায়ের জন্য ৪ মার্চ তারিখ ধার্য করে ট্রাইব্যুনাল। এ মামলার পাঁচ আসামি হলেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সাবেক কমিশনার হাবিবুর রহমান, খিলগাঁও জোনের সাবেক এডিসি মো. রাশেদুল ইসলাম, রামপুরা থানার সাবেক ওসি মো. মশিউর রহমান, একই থানার সাবেক এসআই (উপপরিদর্শক) তারিকুল ইসলাম ভুঁইয়া এবং রামপুরা পুলিশ ফাঁড়ির তৎকালীন এএসআই চঞ্চল চন্দ্র সরকার। আসামিদের মধ্যে চঞ্চল সরকার গ্রেপ্তার হয়ে কারাগারে আছেন। সাক্ষ্যগ্রহণ শেষে গত ৩ ফেব্রুয়ারি প্রসিকিউশন ও আসামিপক্ষের আইনজীবীরা যুক্তিতর্কের শুনানি করেন।