পটুয়াখালী জেলার দুমকি উপজেলার পাঙ্গাশিয়া ইউনিয়নে পূর্ব শত্রুতার জেরে এক যুবককে মারধর ও নগদ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী দুমকি থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, দক্ষিণ পাঙ্গাশিয়ার ৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মো. বাকেরুল ইসলাম (৩৯) মঙ্গলবার (৩ মার্চ) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ধোপার হাট বাজার থেকে বাড়ি ফেরার পথে একই এলাকার নাহিদুল (২৬), সানাউল জোমাদ্দার (২৫), মো. রাহাত জোমাদ্দারসহ (২৭) ৫/৬জন দুর্বৃত্ত তাকে এলোপাতাড়ি মারধর করে তার সঙ্গে থাকা নগদ ৫১ হাজার টাকা ও ৭.৫ আনা ওজনের একটি স্বর্ণের চেইন ছিনিয়ে নেয়।
বাকেরুলের চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। স্থানীয়রা তাকে বাজারের ফার্মেসিতে প্রাথমিক চিকিৎসা দিয়ে বাড়ি পাঠিয়ে দেয়।
এ ঘটনায় আজ বুধবার (৪ মার্চ) সকালে দুমকি থানায় অভিযুক্তদের বিরুদ্ধে লিখিত অভিযোগ দেয়া হয়েছে।
অভিযুক্ত নাহিদুল মোবাইল ফোনে মারধর ও টাকা ছিনতাইয়ের অভিযোগ অস্বীকার করে বলেন, পূর্ব বিরোধ মীমাংসার ধার্য্য তারিখ ঠিক আছে কিনা জিজ্ঞেস করতেই ডাকচিৎকার দিয়ে তিনি দৌড়ে বাজারে গিয়ে মিথ্যে নাটক সাজিয়েছেন। তাকে টাসও করা হয়নি।
দুমকি থানার অফিসার ইনচার্জ মো. সেলিম উদ্দিন বলেন, তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
