জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় হুইপ নাহিদ ইসলাম বলেছেন, রাষ্ট্র পরিচালনা ও গণতন্ত্র নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন নাহিদ ইসলাম। তিনি বলেন, রাষ্ট্রীয় বিভিন্ন প্রতিষ্ঠানে আবারও দলীয়করণ শুরু হয়েছে। এতে জনমনে প্রশ্ন তৈরি হয়েছে, দেশ গণতন্ত্র থেকে আবারও একদলীয় শাসনের দিকে এগিয়ে যাচ্ছে কি-না।
বুধবার (৪ মার্চ) সন্ধ্যায় নগরীর একটি কনভেনশন সেন্টারে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
নাহিদ ইসলাম বলেন, ‘গণঅভ্যুত্থানের পরবর্তী সময়ে করণীয় নির্ধারণে আমরা অনেক ভুল করেছি। আজ দেশের অবস্থা বেহাল। সামনে যে রাজনৈতিক লড়াই আসবে, সেখানে প্রস্তুতি নিয়ে মাঠে নামতে হবে।’
তিনি আরও বলেন, ‘বাংলাদেশ ব্যাংক ও দুর্নীতি দমন কমিশনসহ গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলো নিয়ে নানা প্রশ্ন উঠছে। দুদক একটি স্বাধীন ও নিরপেক্ষ প্রতিষ্ঠান হলেও অতীতে কখনোই পুরোপুরি স্বাধীনভাবে কাজ করতে পারেনি।’ সম্প্রতি দুদকের চেয়ারম্যান ও কমিশনারদের পদত্যাগের প্রসঙ্গ টেনে তিনি বলেন, এ বিষয়ে সরকারের কাছ থেকে স্পষ্ট জবাবদিহি প্রয়োজন এবং সংসদে বিষয়টি উত্থাপন করা হবে।
স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে নেতাকর্মীদের প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, দলীয় নির্দেশনা বাস্তবায়নে সবাইকে প্রস্তুত থাকতে হবে।
ইফতার মাহফিলে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, সিলেটের সড়কগুলোর অবস্থা অত্যন্ত নাজুক এবং অনেক সড়ক চলাচলের জন্য ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। দ্রুত সংস্কারের দাবি জানান তিনি। পাশাপাশি দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে নারী ও শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।
এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেন, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে দলীয় প্রভাবমুক্ত রেখে স্বাধীনভাবে কাজ করার সুযোগ দিতে হবে। ভবিষ্যতে কোনো প্রতিষ্ঠানকে দলীয়করণের চেষ্টা করা হলে তা মেনে নেওয়া হবে না।
তিনি আরও বলেন, জাতীয় নির্বাচনে কিছু আসনে ‘ইঞ্জিনিয়ারিং’ হয়েছে বলে অভিযোগ থাকলেও দেশের বৃহত্তর স্বার্থে সেই নির্বাচন মেনে নিয়ে গণতান্ত্রিক উত্তরণের পথ তৈরি করা হয়েছে। স্থানীয় সরকার পর্যায়ের কোনো নির্বাচনে ভোটে প্রভাব বিস্তার বা কারচুপির চেষ্টা হলে তা প্রতিহত করা হবে বলেও সতর্ক করেন তিনি।
ইফতার মাহফিলে এনসিপি ছাড়াও বিএনপি, জামায়াতসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ অংশ নেন।
দুর্নীতির অভিযোগে অপসারণ দাবি, যা বললেন রামেবির ভিসি