মানুষ আর কোনো প্রতারকের কাছে দেশের দায়িত্ব দিতে চায় না: নাহিদ

আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০২৬, ০৬:১২ পিএম

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, বাংলাদেশের মানুষ আর কোনো প্রতারক ও বেইমানদের কাছে দেশের গণতান্ত্রিক দায়িত্ব দিতে চায় না।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) সকালে সাভার পৌর এলাকার চাপাইন রোডে নির্বাচনী সমাবেশে বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, বার বার একটা কথা বলা হচ্ছে রাষ্ট্র পরিচালনার অভিজ্ঞতা। এই অভিজ্ঞতা ভালো কোন অভিজ্ঞতা না। ২০০১ থেকে ২০০৬ পর্যন্ত যে অভিজ্ঞতা হয়েছে তা বাংলাদেশের মানুষ দেখেছে, আপনাদের সেই পুরনো কথা বলে আর বিব্রত করতে চাই না। আপনারা ৫ আগস্টের পর থেকে যা করেছেন তাই যথেষ্ট আপনাদের বিরুদ্ধে ভোট দেওয়ার। অভিজ্ঞতার কথা বলে নিজেদেরকে আর অপমানিত করবেন না।

হাদি হত্যার বিচারের দাবি করে নাহিদ ইসলাম বলেন, শহীদ হাদি হত্যার বিচারে আমরা বিন্দুমাত্র ছাড় দেব না। গতকাল শহীদ হাদি হত্যার বিচারের দাবিতে তার পরিবার যমুনার সামনেঅবস্থান নিয়ে ছিলেন। আমরা স্পষ্ট বলতে চাই, শহীদ হাদি হত্যার বিচার নিশ্চিত করতে না পারা, আসামিদের গ্রেপ্তার করতে না পারা অন্তর্র্বতীকালীন সরকারের অন্যতম ব্যর্থতা হিসেবে ইতিহাসের লেখা থাকবে। এখনো সময় আছে শহীদ ওসমান হাদির পরিবার কোনভাবে অসম্মান করা না হয়। অতিসত্বর এই বিচারের জন্য কার্যকর ভূমিকা পালন করতে হবে।

নির্বাচনী প্রচারণায় হামলা ও বাধার অভিযোগ তুলে তিনি বলেন, ১১ দলীয় জোটের নেতাকর্মীদের ওপর হামলা করা হচ্ছে। আমাদের এক ভাইকে হত্যা করা হয়েছে। যারা হত্যা করে লাশের ওপর দিয়ে ক্ষমতায় যেতে চায়, তাদেরকে রুখে দেওয়ার দিন আগামী ১২ ফেব্রুয়ারি।

এনসিপির আহ্বায়ক বলেন, আমাদের মা বোনদের তারা ভয় দেখাচ্ছেন। কারণ আমাদের মা-বোনরা ১১ দলীয় জোটের পক্ষে গণজোয়ার তৈরি করে ফেলেছেন। ফলে ভাইদের এত কাজ করতে হয় নাই। আমাদের তরুণ সমাজ গণজোয়ার সৃষ্টি করেছে। তারা সেই গণজোয়ারকে ভয় পাচ্ছে।

আমাদের মা-বোনদের তারা টার্গেট করছে, তাদেরকে আটকানোর চেষ্টা করছেন প্রচারণায় বাধা দিচ্ছে বলে অভিযোগ তুলেন তিনি।

একটি জোট তাদেরকে আর জোট বলা যাবে না উল্লেখ করে নাহিদ বলেন, বড় একটি দল অনেকগুলো দলকে পেটের ভেতর নিয়ে নিয়েছে। বহুদলীয় গণতন্ত্রকে নষ্ট করে দিয়েছেন। সেই দলের নেতাকর্মীরা বিভিন্ন জায়গায় হুমকি দিয়ে বেড়াচ্ছেন। আমরা বলছি সেই রক্তচক্ষু উপেক্ষা করেই ৫ আগস্ট বদলে ছিলাম। আমরা কোন হুমকি ও রক্তচক্ষুকে ভয় পাই না। ঢাকা-১৯ (সাভার আশুলিয়ার) এর মানুষ কোনো রক্ত চক্ষুকে ভয় পায় না।

বাংলাদেশের মানুষ এখন নতুনদেরকে সুযোগ দিতে চায় মন্তব্য করে তিনি বলেন, বাংলাদেশের মানুষ এখন নতুনদেরকে সুযোগ দিতে চায়। কেউ যদি ভোট চুরি করার চেষ্টা করে ও ভোটকেন্দ্র দখলের চেষ্টা করে তার পরিণতি ফ্যাসিসদের মতই হবে। ১২ ফেব্রুয়ারি এরকম চেষ্টা করা হলে আরেকটি ৫ আগস্টের বিপ্লব ঘটে যাবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত