সরকারে জাতীয় ঐকমত্যের চেষ্টা হচ্ছে : তথ্যমন্ত্রী

আপডেট : ০৫ মার্চ ২০২৬, ০৭:৩৮ এএম

তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, পূর্ব প্রতিশ্রুতি অনুযায়ী আমরা একক দলীয় সরকার না করে জাতীয় ঐকমত্যের প্রতিফলন ঘটানোর চেষ্টা করেছি এবং অব্যাহতভাবে সেই চেষ্টা চালিয়ে যাচ্ছি। কেননা আমরা জানি অর্ধশতাব্দীর এই বাংলাদেশে জনগণের ভাগ্য পরিবর্তন ঘটেনি। চলমান রাজনৈতিক প্রক্রিয়ার মধ্যে যে পরিবর্তন এবং সংস্কার আনা দরকার আমাদের নেতা প্রধানমন্ত্রী তারেক রহমান ক্ষমতায় যাওয়ার আগেই ৩১ দফার মাধ্যমে সেই পরিকল্পনা ঘোষণা করেছেন।

গতকাল বুধবার দুপুরে চট্টগ্রাম প্রেস ক্লাব পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শাসক হিসেবে নয় জনগণের ক্ষমতায়নের জন্য সরকার কাজ করছে মন্তব্য করে তথ্যমন্ত্রী বলেন, আমাদের লক্ষ্য এমন একটি বাংলাদেশ গড়ে তোলা যে বাংলাদেশে সব ক্ষমতার মালিক কেবলমাত্র জনগণ এবং জনগণ তার নির্বাচিত সেবাদানকারীর মাধ্যমে সেবা গ্রহণ করবে। জনগণের এই ক্ষমতা নির্বাচিত সেবকদের মাধ্যমে দেওয়ার যে দায়িত্ব আমরা সেই দায়িত্বটাই পালন করব। সেই কাজটা করার জন্য এবং জনগণের কর্র্তৃত্ব যাতে নিরবচ্ছিন্নভাবে বহাল থাকে তার জন্য যেই প্রাতিষ্ঠানিক এবং সাংবিধানিক সংস্কার ও পরিবর্তন দরকার সেই লক্ষ্যেই আমরা কাজ করছি।

তথ্যমন্ত্রী বলেন, কোনো প্রতিষ্ঠানকে যদি কেউ দলীয়করণ, ব্যক্তিকরণ ও পারিবারিকীকরণ করে, তাহলে সে প্রতিষ্ঠান তার দায়িত্ব পালন করতে পারে না। আর এই সমস্যার সমালোচনা করার দায়িত্ব হচ্ছে গণমাধ্যমের। কিন্তু সে গণমাধ্যমেরই প্রেস ক্লাবের মতো প্রতিষ্ঠান যখন দলীয়করণ হয়, তখন বুঝতে হবে ফ্যাসিবাদের সংজ্ঞা কাকে বলে।

চট্টগ্রাম প্রেস ক্লাবের সভাপতি জাহিদুল করিম কচির সভাপতিত্বে মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য আলহাজ আবু সুফিয়ান, জাতীয় প্রেস ক্লাবের সভাপতি ও দৈনিক কালের কণ্ঠের সম্পাদক হাসান হাফিজ, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব কাদের গণি চৌধুরী, চট্টগ্রামের জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিঞা, চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের সভাপতি মোহাম্মদ শাহনওয়াজ প্রমুখ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত