ইরানের প্রত্যাশা

বাংলাদেশ আগ্রাসনের সরাসরি নিন্দা করবে

আপডেট : ০৫ মার্চ ২০২৬, ০৭:৪১ এএম

ইরান আশা করে, ওআইসি ও ন্যাম সদস্য-দেশ হিসেবে বাংলাদেশ ইরানে হামলাকারীদের সরাসরি নিন্দা করবে। ঢাকায় ইরানের রাষ্ট্রদূত জলিল রহিমি জাহানাবাদি গতকাল দেশটির দূতাবাসে এক সংবাদ সম্মেলনে এমন প্রত্যাশার কথা জানান।

রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশ একটি মুসলিম দেশ। একইসঙ্গে ওআইসি ও জোটনিরপেক্ষ আন্দোলন-এর (ন্যাম) সদস্য। সেই হিসেবে একটি আগ্রাসনের সরাসরি নিন্দা করবে, এমনটাই ইরান আশা করে।

যুক্তরাষ্ট্র ও ইসরায়েল গত রবিবার ইরানে হামলা চালায়। এতে গতকাল বুধবার পর্যন্ত দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনিসহ কমপক্ষে এক হাজার মানুষ নিহত হন। 

রাষ্ট্রদূত বলেন, দীর্ঘমেয়াদে এ যুদ্ধ চালিয়ে যাওয়ার সক্ষমতা ইরানের আছে। ড্রোন ও মিসাইলসহ প্রয়োজনীয় সামরিক শক্তি রয়েছে। ইরান অন্য কোনো দেশের কাছ  থেকে বৈষয়িক সহায়তা চায় না। ইরান শুধু চায়, একটি মুসলিম দেশ আক্রান্ত হলে অন্য মুসলিম দেশগুলো তার প্রতি সহানুভূতি ও সমর্থন প্রকাশ করুক। তিনি বলেন, একটি দেশের ভূখ- বা সুযোগ-সুবিধা ব্যবহার করে অন্য দেশে হামলার অনুমতি না  দেওয়া পুরো অঞ্চলের নিরাপত্তার জন্য অত্যন্ত জরুরি।

রাষ্ট্রদূত জানান, ইরানে অবস্থানরত বাংলাদেশি শিক্ষার্থীদের নিরাপদ স্থানে সরিয়ে  নেওয়া হয়েছে। তবে ঠিক কতজন শিক্ষার্থী আছে, সে তথ্য এ মুহূর্তে তার কাছে নেই। তেহরানে অবস্থিত বাংলাদেশ দূতাবাস ইরানে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে।

ইরান কখনো ইসরায়েলের প্রতি আগ্রাসী হবে না, এমনটা উল্লেখ করে তিনি বলেন, বাইরের যে কোনো আগ্রাসনের ক্ষেত্রে ইরানিরা শেষ রক্তবিন্দু পর্যন্ত প্রতিরোধ করবে।

 

সর্বশেষ সর্বাধিক পঠিত